চট্টগ্রামের ফটিকছড়িতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
একই সময়ে ‘মব আতঙ্কে’ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এরমধ্যে এক চিকিৎসককে সামাজিক যোগাযোগমাধ্যমে পিটিয়ে হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। ফলে ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
গত ৭ সেপ্টেম্বর ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গৃহবধূ নেহার মৃত্যুর ঘটনায় স্বামী মো. মারুফ পারভেজসহ জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
এর পরদিন ৮ সেপ্টেম্বর ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় মামলার আসামি মো. মারুফ পারভেজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক প্রচারণার অভিযোগে প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।
যোগাযোগ করা হলে হুমকির শিকার চিকিৎসক জয়নাল আবেদীন মুহুরি বলেন, আমি একজন চিকিৎসক— এটাই আমার পরিচয়। কোনো রাজনৈতিক দলের পদ-পদবিতে আমি নেই। এরপরও আমাকে কয়েক দফায় হুমকি দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একজন চিকিৎসককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্টদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জানতে যোগাযোগ করা হলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম মব আতঙ্ক ও বহিরাগতদের হুমকি-ধমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
তবে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ফটিকছড়ি শাখার সভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি সত্য হলে, কোনো লিখিত অভিযোগ না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখতে পারেন।
সচেতন মহলের প্রশ্ন—মঞ্চে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা, অথচ মাঠে চিকিৎসককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি কেন? ‘মব আতঙ্কে’ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার ভরসা কোথায়?
সময়ের আলো/জোই