পাকিস্তানের কাছে হার, বিশ্বকাপের পথে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

গত আসরে পঞ্চম হয়ে যুব হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবারও সেই সুযোগ রয়েছে। তবে জুনিয়র এশিয়া কাপে পাকিস্তানের

2026-09-10T00:00:08+00:00
2026-09-10T00:00:08+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
পাকিস্তানের কাছে হার, বিশ্বকাপের পথে কঠিন পরীক্ষায় বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম 
ছবি : সংগৃহীত
গত আসরে পঞ্চম হয়ে যুব হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবারও সেই সুযোগ রয়েছে। তবে জুনিয়র এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপে ওঠার পথটা কঠিন করে ফেলেছে বাংলাদেশের যুবারা। এখন টানা দ্বিতীয়বার বিশ্বকাপে খেলতে হলে শক্তিশালী জাপানকে হারাতেই হবে তাদের।

বুধবার চীনে ছেলেদের জুনিয়র এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। চার ম্যাচে তিন হার ও এক জয়ে পাঁচ দলের গ্রুপে চতুর্থ হয়েছে তারা। ফলে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী পর্বে শুক্রবার জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Advertisement
পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটে ওয়ালিদ রানা গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন। মাত্র তিন মিনিট পর আবারও গোল করেন তিনি। দুই গোলের ধাক্কা সামলে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও পাকিস্তানের রক্ষণ ভাঙতে পারেনি। ৫২তম মিনিটে গোলাম মোস্তফার গোলে পাকিস্তানের জয় নিশ্চিত হয়।

এই হার বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পরের প্রতিপক্ষের কারণে। গ্রুপে তৃতীয় হতে পারলে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ চীনা তাইপের মুখোমুখি হতে হতো বাংলাদেশকে। চতুর্থ হওয়ায় এখন তাদের সামনে জাপানের কঠিন পরীক্ষা।


বিশ্বকাপে ওঠার সমীকরণও পরিষ্কার। জাপানকে হারাতে পারলে বাংলাদেশ পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলবে। তাতেই নিশ্চিত হবে জুনিয়র এশিয়া কাপের সেরা ছয়ে থাকা এবং বিশ্বকাপের টিকিট। আর জাপানের কাছে হারলে সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে বিশ্বকাপে খেলার সুযোগ আর থাকবে না।

গ্রুপ পর্বে বাংলাদেশের শুরুটাও ভালো ছিল না। চীনের কাছে ৩-২ এবং মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছিল তারা। এরপর কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি।

এখন বাংলাদেশের সামনে একটাই পথ। জাপানকে হারিয়ে সেরা ছয়ে জায়গা করে নেওয়া। শুক্রবারের সেই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের পরপর দ্বিতীয়বার যুব হকি বিশ্বকাপে খেলার স্বপ্ন টিকে থাকবে কি না।

সময়ের আলো/টিকে
  বিষয়:   পাকিস্তান  হার  বিশ্বকাপ  পথ  কঠিন  পরীক্ষা  বাংলাদেশ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: