দায়িত্বটা চ্যালেঞ্জের এগিয়ে যাওয়ার

মামুন হোসেন

খেলা

ফুটবলার থেকে প্রশাসক। জাহেদ পারভেজ চৌধুরীর জার্নিটা এক দিনের নয়, দীর্ঘ মাস-কাল-যুগের। একসময় মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সতীর্থদের

2026-09-10T01:40:54+00:00
2026-09-10T01:40:54+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
দায়িত্বটা চ্যালেঞ্জের এগিয়ে যাওয়ার
মামুন হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪০ এএম 
জাহেদ পারভেজ চৌধুরীর জার্নিটা এক দিনের নয়, দীর্ঘ মাস-কাল-যুগের। ছবি : সংগৃহীত
ফুটবলার থেকে প্রশাসক। জাহেদ পারভেজ চৌধুরীর জার্নিটা এক দিনের নয়, দীর্ঘ মাস-কাল-যুগের। একসময় মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সতীর্থদের বলে জোগান দিয়েছেন, তেমনি গোলেও অবদান রেখেছেন। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে চট্টগ্রামের এই ফুটবলারের। 

তবে সময়ের চোরাস্রোতে ফুটবলার পরিচয় ছাপিয়ে এখন তিনি প্রশাসক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ক্রীড়া হিসেবে মাস দেড়েক হলো নতুন দায়িত্বে আছেন। তবে নতুন দায়িত্ব যেমন উপভোগ করছেন, তেমনি এটাকে চ্যালেঞ্জও হিসেবে দেখছেন।

Advertisement
খেলোয়াড়ি জীবনে ভীষণ রকমের সুশৃঙ্খল ছিলেন জাহেদ পারভেজ। সততা, নিয়মানুবর্তিতা, পরিশ্রম এবং নিষ্ঠা— এই নীতিগুলোই ছিল তার চলার পথের পাথেয়। সেই ফুটবলার এখন প্রশাসক হয়েও শৃঙ্খলাকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন। এনএসসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দেশের ক্রীড়া উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ফুটবলার থেকে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পদে নিজেকে অধিষ্ঠিত করেছেন।

নিজেকে আমিনুলের প্রকৃত সহযোদ্ধা, গুরু মানেন জাহেদ পারভেজ। নতুন দায়িত্ব অর্পণ করায় ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি যারপরনাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ ব্যাপারে এনএসসির পরিচালক বলেন, ‘বাংলাদেশের স্পোর্টস ডেভেলপমেন্ট এবং পরিকল্পনা বাস্তবায়ন সবই মূলত জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে হয়। প্রথমে আমি ধন্যবাদ ও 

কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যিনি বর্তমানে স্পোর্টসকে অধিক প্রায়োরিটি দিয়েছেন। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি। যিনি আমাকে এটার যোগ্য মনে করেছেন এবং তার কারণে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। এ জন্য আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করছি।’

বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। বিশেষ করে ৯টি পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। যুব সমাজকে ক্রীড়ামুখী করতে শুধু পরিকল্পনা করেই বসে নেই, এর বাস্তবায়নেও জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নে এনএসসি কাজ করছে। যেখানে জাহেদ পারভেজ অনন্য ভূমিকা রেখে চলেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে দিনরাত নিরলসভাবে কাজ করছেন। 

এ ব্যাপারে সময়ের আলোকে তিনি বলেন, ‘বর্তমান সরকার ৯টা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এনএসসির কাজ হচ্ছে বর্তমান সরকারের যে পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়নে কাজ করে যাওয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যে যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছে, এনএসসির কিছু সীমাবদ্ধতা থাকলেও ওই পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা এবং গ্রাসরুটে কাজ করা। দেশের ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলায় প্রান্তিক পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যাতে আমরা পৌঁছাতে পারি, তৃণমূলে আরও বেশি খেলাকে ছড়িয়ে দিতে পারি, তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে পারি, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’


জাহেদ পারভেজ আরও যোগ করেন, ‘শুধু ফুটবল-ক্রিকেট নয়; বাংলাদেশের যত ক্রীড়া ইভেন্ট আছে এবং যেগুলোতে আমাদের পদক জেতার সম্ভাবনা আছে, সেগুলোকে প্রায়োরিটি বেস করে একটা প্রক্রিয়ার মধ্যে আনার কাজ চলছে। আমরা যাতে অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস কিংবা সাউথ এশিয়ান গেমসে ডমিনেট করতে পারি, সেই জন্য আমরা পর্যাপ্ত পরিকল্পনা নিয়ে এখন এগোচ্ছি। আমরা এখনই রেজাল্টের পেছনে ঘুরছি না। আমরা এখন একটা পরিকল্পনা এবং অবকাঠামো তৈরি করছি। সারা বছর যাতে খেলা মাঠে থাকে, ওই ব্যবস্থা চলমান রাখছি।’

জাহেদ পারভেজ তার জীবনে শিক্ষাকে বরাবরই গুরুত্ব দিয়েছেন। খেলাধুলার পাশাপাশি শিক্ষাকে সবসময় গুরুত্বপূর্ণ মনে করেছেন। নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে এমনটা মানেনও। বর্তমান সরকারও দায়িত্ব গ্রহণের পর পড়াশোনার পাশাপাশি খেলাকে গুরুত্ব দিয়ে প্রজ্ঞাপন করেছে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। 

এ ব্যাপারে এনএসসির পরিচালক জাহেদ পারভেজ বলেন, ‘ডিসিপ্লিন, এডুকেশন— এগুলো তো নেসেসারি। একটা মানুষের সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য। শুধু খেলাধুলা করলেই হবে না, পাশাপাশি লক্ষ্য অর্জনে পড়াশোনার প্রয়োজন আছে। আপনার প্যাশন থাকতে হবে যে— আমি এই কাজটা করতে চাই, দেশের জন্য অবদান রাখতে চাই। যেমন আমি যখন খেলোয়াড় ছিলাম, তখন আমি চিন্তা করেছি আমার সাধ্য অনুযায়ী একদিন দেশের সেবায় কাজ করব। আল্লাহ পাক সেই সুযোগ আমাকে দিয়েছেন।’


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   দায়িত্ব  চ্যালেঞ্জ  এগিয়ে  যাওয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: