চিকিৎসাধীন মায়ের মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে চট্টগ্রাম কারাগারে বন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম কারাগার থেকে ৫ ঘণ্টার জন্য মুক্তির আবেদন মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণের মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১)। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মায়ের শেষকৃত্যে অংশ নিতে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিন্ময় কৃষ্ণ দাসের ভাই রঞ্জন কুমার ধর চিন্ময় কৃষ্ণকে প্যারোলে মুক্তির আবেদন করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে।’
আবেদনে বলা হয়, সন্ধ্যা রাণী ধর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে কারাগারে আটক চিন্ময় কৃষ্ণের উপস্থিতি একান্ত প্রয়োজন। মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারার পর অন্তত শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টির মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় সময়ের জন্য চিন্ময় কৃষ্ণকে প্যারোলে মুক্তি অথবা নিরাপত্তাসহ প্যারোলে উপস্থিতির অনুমতি দেওয়া প্রয়োজন।
এই আবেদনের সঙ্গে মৃত্যু সনদ ও আবেদনকারীর পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করা হয়। পরে সরকার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়।
পুণ্ডরিক ধাম সূত্র জানায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান করা হবে সেখানেই। এরপর সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এদিকে, চিন্ময়কে কারাগার থেকে হাটহাজারীতে আনা-নেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, চিন্ময়ের মা সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার ক্যান্সার শনাক্ত হয়। হাসপাতাল থেকে বুধবার রাতে তাকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়েছিল।
সময়ের আলো/মহু