কোপার্নিকাসের তত্ত্বাবধানে থাকা ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের কর্মকর্তা সামান্থা বার্গেস বলেছেন, ‘তর্কসাপেক্ষে, মানুষ অন্তত গত এক লাখেরও বেশি বছর ধরে আজকের (বৃহস্পতিবার) মতো এত গরম তাপমাত্রা দেখেনি।’ কোপার্নিকাসের রেকর্ড ১৯৪০ সাল পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞানীরা বরফের কোর, গাছের বৃদ্ধিবলয় ও প্রবালসহ বিভিন্ন প্রমাণ ব্যবহার করে আরও অতীতের তাপমাত্রা পুনর্গঠন করেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা ছিল ১৬.৯৬ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ডে সর্বোচ্চ। এই মাসেই পশ্চিম ইউরোপ ইতিহাসের উষ্ণতম গ্রীষ্মের শিকার হয়েছে। তাপপ্রবাহ, খরা ও দাবানলে বিপর্যস্ত হয়েছে পুরো অঞ্চল।
বৃহস্পতিবার কোপার্নিকাস জানায়, ২০২৬ সালের আগস্ট ১৮৫০-১৯০০ সালের গড় তাপমাত্রার চেয়ে ১.৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ ছিল। শিল্পযুগের ব্যাপক উষ্ণায়নের আগের তাপমাত্রার মানদণ্ড হিসেবে সাধারণত ওই সময়কালকেই ব্যবহার করা হয়। ১৯৪০ সাল পর্যন্ত রেকর্ডে এটি ছিল সবচেয়ে উষ্ণ আগস্ট। এটি ২০২৩ সালের জুলাইয়ের সঙ্গে মিলে গেছে, যা ছিল আগের সর্বকালের সর্বোচ্চ মাসিক তাপমাত্রা। দুটির ব্যবধান ০.০১ ডিগ্রি সেলসিয়াসেরও কম।
পশ্চিম ইউরোপে রেকর্ড গরম
এই রেকর্ডের নেপথ্যে রয়েছে পশ্চিম ইউরোপজুড়ে অস্বাভাবিক উষ্ণ গ্রীষ্ম। ফ্রান্স, যুক্তরাজ্য ও বেলজিয়াম তিন দেশই নিজেদের ইতিহাসে উষ্ণতম গ্রীষ্ম রেকর্ড করেছে। ফ্রান্স ৫৩ দিনের তাপপ্রবাহে ধুঁকেছে এবং সেখানে স্বাভাবিকের চেয়ে প্রায় ৪০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ১৯৫৯ সালের পর এটি দেশটির দ্বিতীয় শুষ্কতম গ্রীষ্ম। এই চরম গরম মৃত্যুহারও তীব্রভাবে বাড়িয়েছে।
সান্তে পাবলিক ফ্রান্সের তথ্য অনুযায়ী, ১৭ জুন থেকে ২ জুলাইয়ের তাপপ্রবাহে ফ্রান্সে সব মিলিয়ে আনুমানিক ৫ হাজার ৭৬৪টি অতিরিক্ত মৃত্যু নথিভুক্ত হয়েছে। যা আক্রান্ত এলাকায় প্রত্যাশিত মাত্রার চেয়ে ৩৬ শতাংশ বেশি। ৩ থেকে ২২ জুলাইয়ের তাপপ্রবাহকালে আরও ১ হাজার ২৪৩টি অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে।
তীব্র দাবদাহ ও বৃষ্টির অভাব ফসল ও পরিবহন ব্যবস্থার ওপরও আঘাত হেনেছে। জার্মানির খাদ্যশস্য উৎপাদন গত বছরের তুলনায় আনুমানিক ৭ দশমিক ৩ শতাংশ কমেছে; কর্তৃপক্ষ এর জন্য তাপ ও খরাকে দায়ী করেছে। রাইনসহ প্রধান নদীগুলোতে পানির স্তর নেমে যাওয়ায় জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।
ফ্রান্স কৃষকদের জন্য ১০০ কোটি ইউরোরও বেশি (১১৬ কোটি ডলার) জরুরি সহায়তা ঘোষণা করেছে। সেখানে দশ হাজারেরও বেশি খামার আর্থিক সংকটে পড়েছে।
দাবানল ও মহাসাগরের উষ্ণতা
দাবদাহের মধ্যে শুকনো গাছপালা মহাদেশজুড়ে দাবানলকে উসকে দিয়েছে। ইউরোপীয় কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু নাগাদ ইউরোপীয় ইউনিয়নজুড়ে ৬ লাখ ৪৭ হাজারের বেশি হেক্টর এলাকা পুড়ে গেছে, যা মৌসুমের ওই সময়ের ২০ বছরের গড়ের প্রায় দ্বিগুণ। মেরু অঞ্চলের বাইরে অবস্থিত মহাসাগরগুলো যৌথভাবে তাদের সর্বোচ্চ মাসিক সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ছুঁয়েছে, ফলে টানা তিন মাস রেকর্ড উষ্ণতা বিরাজ করছে।
বিজ্ঞানীরা দীর্ঘমেয়াদি উষ্ণায়নের প্রবণতার প্রধান কারণ হিসেবে মানুষের সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনকে দায়ী করেন; পাশাপাশি এল নিনোর মতো প্রাকৃতিক ঘটনাও তাপমাত্রা আরও বাড়াতে পারে। জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিল সর্বশেষ রেকর্ডগুলোকে ‘মানবজাতির জীবাশ্ম জ্বালানি আসক্তির ক্রমবর্ধমান মূল্য’ বলে অভিহিত করেছেন।
তিনি সতর্ক করেছেন, কয়লা, তেল ও গ্যাস পোড়ানো অব্যাহত থাকলে চরম গরমও চলতে থাকবে। তার ভাষ্যমতে, দীর্ঘমেয়াদি বৈশ্বিক উষ্ণায়ন বর্তমানে শিল্প-পূর্ব যুগের তুলনায় প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
সময়ের আলো/প্রিন্ট/আতা