স্কালোনির আর্জেন্টিনা অধ্যায় কি শেষের পথে, নেপথ্যে যে ৩ কারণ

ক্রীড়া ডেস্ক

খেলা

লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার সোনালি সময়টা কি এবার শেষ হতে চলেছে? বিশ্বকাপজয়ী এই কোচের সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বর্তমান

2026-09-11T11:50:57+00:00
2026-09-11T11:54:31+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
স্কালোনির আর্জেন্টিনা অধ্যায় কি শেষের পথে, নেপথ্যে যে ৩ কারণ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ এএম  আপডেট: ১১.০৯.২০২৬ ১১:৫৪ এএম
স্কালোনি । ছবি : সংগৃহীত
লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার সোনালি সময়টা কি এবার শেষ হতে চলেছে? বিশ্বকাপজয়ী এই কোচের সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর তিন মাসের কিছু বেশি সময় বাকি। এএফএ অবশ্য স্কালোনিকে রেখে দিতে আগ্রহী এবং নতুন চুক্তিও করতে চায়। কিন্তু কোচ নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন বলে দাবি করেছেন সাংবাদিক গুস্তাভো ইয়ারোচ।

রেডিও লা রেডের অনুষ্ঠান ‘উন বুয়েন মোমেন্তো’তে ইয়ারোচের দেওয়া তথ্য অনুযায়ী, স্কালোনির অনিশ্চয়তার পেছনে মূলত তিনটি কারণ কাজ করছে। দীর্ঘ আট বছরের ক্লান্তি, এএফএর আর্থিক বকেয়া এবং প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও আয়োজন নিয়ে অসন্তোষই তাঁর ভবিষ্যৎ ভাবনার বড় কারণ।

আট বছরের ধকল

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর স্কালোনি দলটিকে বদলে দিয়েছেন। ২০২১ সালের কোপা আমেরিকা থেকে শুরু করে ২০২২ বিশ্বকাপসহ একের পর এক সাফল্য পেয়েছে তাঁর দল। দীর্ঘ এই সময়ের পর এবার সামনে আরেকটি বড় পুনর্গঠনের চ্যালেঞ্জ।

দলের পুরোনো কাঠামোয় ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে আবারও একটি প্রতিদ্বন্দ্বী দল গড়ে তুলতে হবে। এত বড় একটি প্রকল্পে প্রতিদিন সর্বোচ্চ মনোযোগ ও মানসিক শক্তি প্রয়োজন। আট বছরের দীর্ঘ পথচলার পর সেই শক্তি, ইচ্ছা ও অনুপ্রেরণা নিজের মধ্যে আগের মতো আছে কি না, সেটিই নাকি ভাবাচ্ছে স্কালোনিকে।

এএফএর আর্থিক বকেয়া

অস্বস্তির দ্বিতীয় কারণ মাঠের বাইরে। প্রতিবেদন অনুযায়ী, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের বোনাসের একটি বড় অংশ এখনো পরিশোধ করেনি এএফএ।

বিষয়টি নিয়ে জাতীয় দলের অন্দরমহলে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনা একের পর এক সাফল্য পাওয়ার পরও কেন এই বকেয়া থাকবে, সেটিই প্রশ্ন হয়ে উঠেছে।

২০২১ সালের পর থেকে আর্জেন্টিনা মাঠের সাফল্যের পাশাপাশি বাণিজ্যিকভাবেও অনেক এগিয়েছে। তাই এই পর্যায়ে এসে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের পাওনা আটকে থাকার বিষয়টি অনেকের কাছেই অস্বস্তিকর হয়ে উঠেছে।


প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিয়েও ক্ষোভ

স্কালোনির তৃতীয় আপত্তি প্রীতি ম্যাচের আয়োজন ও প্রতিপক্ষ বাছাই নিয়ে। বিশ্বকাপের আগেও তিনি একাধিকবার বলেছেন, বড় টুর্নামেন্টের প্রস্তুতির জন্য শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের বিপক্ষে খেলতে চান।

কিন্তু এএফএ নিয়মিতভাবে তাঁর সেই চাহিদা পূরণ করতে পারেনি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বেশিরভাগ সময় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেই প্রীতি ম্যাচ খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের আগে আরও শক্তিশালী পরীক্ষার প্রয়োজন থাকলেও সেটি নিয়ে স্কালোনি সন্তুষ্ট নন।

এর সঙ্গে যোগ হয়েছে সাম্প্রতিক সমন্বয়হীনতা। চলতি মাসের শেষের ফিফা উইন্ডোর প্রতিপক্ষের নাম আগেই ঘোষণা করার কথা থাকলেও তা বারবার পিছিয়ে যাচ্ছে। এমনকি যেসব দলের বিপক্ষে খেলার কথা বিবেচনা করা হচ্ছে, তাদের মানও স্কালোনির প্রত্যাশিত আন্তর্জাতিক মানের তুলনায় কম বলে দাবি করা হয়েছে।

সব মিলিয়ে আর্জেন্টিনা স্কালোনিকে ধরে রাখতে চাইলেও কোচের নিজের অবস্থান এখনো পরিষ্কার নয়। দীর্ঘ সাফল্যের পর নতুন করে দল গড়া, আর্থিক বকেয়া এবং প্রস্তুতি ম্যাচ নিয়ে মতপার্থক্য শেষ পর্যন্ত তাঁর সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন আর্জেন্টাইন ফুটবলের বড় প্রশ্ন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   স্কালোনি  আর্জেন্টিনা  অধ্যায়  শেষ  পথ  নেপথ্যে  ৩ কারণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: