ইনজুরি কাটিয়ে বল হাতে ফিরেছেন নাহিদ রানা। তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে দেখা যাবে না বাংলাদেশের এই পেসারকে। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পথে থাকা নাহিদকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টিম ম্যানেজমেন্ট।
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলার সময় চোটে পড়েছিলেন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলা হয়নি তার। গত মাসে চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন এই পেসার। দেশে ফিরে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া।
প্রায় দেড় মাস পর কদিন আগে আবার বল হাতে অনুশীলনে ফিরেছেন নাহিদ। আপাতত ছোট রান-আপে বোলিং করছেন তিনি। তবে পুনর্বাসন এখনো শেষ হয়নি। তাই ফেরার তাড়াহুড়ো না করে ধীরে ধীরে তাকে ম্যাচ খেলার জন্য প্রস্তুত করতে চায় টিম ম্যানেজমেন্ট।
বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ফলে নাহিদকে নিয়ে বাড়তি ঝুঁকি নেওয়ার প্রয়োজন দেখছে না বিসিবি। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ত্রিদেশীয় সিরিজেও তাঁকে শুরু থেকেই সব ম্যাচে খেলানোর বদলে ধীরে ধীরে মাঠে ফেরানো হতে পারে। তার ওয়ার্কলোডও পর্যবেক্ষণে রাখা হবে।
বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদ রানার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে টেস্টে শরিফুল ইসলামেরও খেলার সম্ভাবনা নেই।
অন্যদিকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত সময় কাটানো হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে টেস্ট দলে রাখা হচ্ছে। তাদের সঙ্গে স্কোয়াডে থাকছেন মুশফিক হাসানও। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তার অভিষেকের সম্ভাবনাও রয়েছে।
নাহিদকে নিয়ে বাংলাদেশের পরিকল্পনা অবশ্য শুধু একটি ম্যাচকে ঘিরে নয়। দীর্ঘমেয়াদে তাকে পুরোপুরি ফিট রেখে গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে কাজে লাগাতেই আপাতত সতর্ক বিসিবি। ইনজুরি কাটিয়ে ফিরলেও তাই এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো হচ্ছে না দেশের অন্যতম সম্ভাবনাময় এই পেসারকে।
সময়ের আলো/টিকে