নওগাঁ সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগনে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দুবলহাটি ইউনিয়নের কানমটকাই মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—হাড়িয়াগাছী গ্রামের মতিনের ছেলে নূর নবী (৭) এবং যমুনী গ্রামের রিমনের ছেলে ইব্রাহিম (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সে সমবয়সী মামা নূর নবীর সঙ্গে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে দীর্ঘ সময় ধরে দুই শিশুকে দেখতে না পেয়ে নূর নবীর বাবা মতিন তাদের খোঁজ শুরু করেন।
পরে বাড়ির পাশের একটি ডোবায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন তিনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে দুজনই মারা যায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সময়ের আলো/জোই