গাজীপুরে একটি বেসরকারি মাদরাসায় শাস্তি দেওয়ার নামে এক শিশুশিক্ষার্থীর শরীরে আগুনে গরম করা খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে রাখার পর পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে ৯টার মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাকরাউরী এলাকার মাদরাসাতুল দারুত তাকওয়ায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মাদরাসার মুহতামিম শাস্তি দেওয়ার নামে শিশুটির শরীরে আগুনে গরম করা খুন্তি লাগিয়ে দেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। বিষয়টি জানাজানি হলে মুন্সি মার্কেট ও সাকরাউরী এলাকার স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তারা অভিযুক্ত শিক্ষককে আটক করে রাখেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, এর আগেও একই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল বলেও তারা দাবি করেন। তবে আগের ওই ঘটনায় কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা মাদরাসা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, আহত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জোই