বিয়ের পর প্রায় এক বছর পর স্বামীর সংসার ছেড়ে পুরোনো প্রেমিকের কাছে চলে যান এক নারী। শেষ পর্যন্ত সেই সম্পর্কের পরিণতিও হলো বিয়ে। তবে নিজের কাছে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার বদলে তার ইচ্ছাকে সম্মান জানিয়ে পুরোনো প্রেমিকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন স্বামী।
ভারতের উত্তর প্রদেশের লখনউয়ের মালিহাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ওই নারী সম্প্রতি বাড়ি থেকে বের হয়ে হারদোই এলাকায় তার পুরোনো প্রেমিকের কাছে চলে যান। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা থানায় নিখোঁজের অভিযোগ করেন।
পরে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে হারদোই থেকে ওই নারী ও তার পুরোনো প্রেমিককে খুঁজে বের করে পুলিশ। এরপর দুজনকে মালিহাবাদে নিয়ে আসা হয়।
সেখানে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় ওই নারী পুলিশ ও পরিবারের সদস্যদের জানান, তিনি আর স্বামীর সঙ্গে সংসার করতে চান না। তিনি পুরোনো প্রেমিকের সঙ্গেই থাকতে চান।
পরিবারের সদস্যরা জানান, ওই নারী ও তার পুরোনো প্রেমিক একই স্কুলে পড়াশোনা করতেন। বিয়ের আগেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে পারিবারিক চাপে পরে তিনি অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের পরও পুরোনো প্রেমিকের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানা গেছে।
পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত স্ত্রীকে জোর করে নিজের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেননি স্বামী। বরং তার ইচ্ছাকে সম্মান জানিয়ে পুরোনো প্রেমিকের সঙ্গে বিয়েতে সম্মতি দেন তিনি।
পরে দুই পক্ষের সম্মতিতে স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী ওই নারী ও তার পুরোনো প্রেমিকের বিয়ে হয়। সেখানে তারা মালা বদল করেন এবং পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘোরেন।
ঘটনাটি মালিহাবাদ এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে স্ত্রীকে জোর করে আটকে না রেখে তার ইচ্ছাকে সম্মান জানিয়ে পুরোনো প্রেমিকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে বেশ চর্চিত হচ্ছে।
সময়ের আলো/কেএইচও