হত্যাচেষ্টাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগে হাসান মুরাদ (৩৬) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি।
জানা যায়, গ্রেফতারকৃত হাসান মুরাদ উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ ধোপারদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজি বাড়ির দিদারুল আলমের পুত্র। সে হাটহাজারী থানার একাধিক মামলার আসামি।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং সাম্প্রতিক মিছিলের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালের দিকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলেও জানা গেছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান শনিবার সন্ধ্যার দিকে গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
সময়ের আলো/আতা