হুথিদের অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ আখ্যা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ইরান। দেশটির কর্মকর্তারা হুতিদের সাম্প্রতিক অগ্রগতিকে ‘বিজয়’

2026-09-13T08:14:16+00:00
2026-09-13T08:14:16+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হুথিদের অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ আখ্যা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ এএম 
ইয়েমেনের সানায়, বন্ধ সৌদি দূতাবাসের পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন। ছবি : সংগৃহীত
ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ইরান। দেশটির কর্মকর্তারা হুতিদের সাম্প্রতিক অগ্রগতিকে ‘বিজয়’ হিসেবে বর্ণনা করলেও বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনার কথা এখনো জানায়নি তেহরান।

ইরান সমর্থিত হুতিরা চলতি সপ্তাহে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একাধিক শহর ও দ্বীপ দখল করেছে। শুক্রবার কৌশলগত বন্দরনগরী মোখা দখলের পর লোহিত সাগরের উপকূলে ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণও অনেকটাই হারিয়ে যায়। এর ফলে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির ওপর হুতিদের নিয়ন্ত্রণ আরও বেড়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইয়েমেনের আনসার আল্লাহর পশ্চিম উপকূলে বিজয় বহু বছরের দৃঢ়তার ফল এবং এটি ‘ঐশ্বরিক বিজয়ের’ প্রতিফলন।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও ওয়াশিংটনের সঙ্গে দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফও হুতিদের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ২০২৪ সালের একটি বক্তব্য পুনরায় প্রকাশ করে বলেন, হুতিদের প্রতিরোধ শেষ পর্যন্ত বিজয় বয়ে আনবে।

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফও হুতিদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি অঞ্চলটির দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নির্ভরতা থেকে বেরিয়ে আসা এবং ইসলামের ছায়ায় ঐক্যের আহ্বান জানান।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবেরও হুতিদের ‘বড় বিজয়’ উল্লেখ করে বলেন, এর মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে, নিরাপত্তা এমন কোনো পণ্য নয়, যা অর্থ দিয়ে কেনা যায়।

বাব আল-মান্দাব ঘিরে বাড়ছে উদ্বেগ

২০২৩ সালে গাজা যুদ্ধের সময় ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা বিভিন্ন জাহাজে হামলা শুরু করেছিল হুতিরা। এর জেরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল ইয়েমেনে হুতিদের অবস্থানে পাল্টা বিমান হামলা চালায়।

সাম্প্রতিক অগ্রগতির পর লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে হুতিদের প্রভাব আরও বেড়েছে। ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত মায়ুন বা পেরিম দ্বীপসহ বেশ কয়েকটি দ্বীপ এখন তাদের নিয়ন্ত্রণে।

শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে হুতিদের এক কমান্ডারকে বলতে শোনা যায়, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ঠেকাতে এখন আর ক্ষেপণাস্ত্র বা ড্রোনের প্রয়োজন হবে না। উপকূলে কামান বসিয়েই বিভিন্ন দিক থেকে জাহাজে হামলা চালানো সম্ভব বলে তিনি দাবি করেন।

তবে হুতিরা এখনো বাব আল-মান্দাব আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দেয়নি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি শুক্রবার বলেছেন, সৌদি জাহাজ ছাড়া সব কোম্পানির জন্য নৌ চলাচল নিরাপদ।

অন্যদিকে আরব উপদ্বীপের অপর প্রান্তে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে তেহরানের গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টির উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি বা সমঝোতার আলোচনায় হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়টি কাজে লাগাতে পারে ইরান।

সোমবার আঞ্চলিক আরব দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে ইরানের। তেহরানের দাবি, ওমানের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতাও হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই উদ্যোগের বিরোধিতা করছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনড় তেহরান

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ নেই। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত সংলাপ বা আলোচনার কোনো অর্থ নেই।

তবে হুতিদের সাম্প্রতিক সাফল্যকে সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধের অংশ হিসেবে তুলে ধরেনি তেহরান। বরং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতোই বলেছে, ইয়েমেনে হুতিরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয় এবং তাদের কর্মকাণ্ডের পেছনে নিজেদের স্বার্থ কাজ করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ওপর সৌদি অবরোধ প্রত্যাহার, রিয়াদ ও হুতিদের মধ্যে আলোচনায় ফেরার আহ্বান এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর দাবি জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইয়েমেনে বর্তমানে যা ঘটছে তা দীর্ঘদিনের অবরোধে অতিষ্ঠ ইয়েমেনিদের প্রতিক্রিয়া। তাঁর মতে, জাতিসংঘ ও আঞ্চলিক উদ্যোগগুলো সমস্যার সমাধান করতে না পারায় তারা শেষ পর্যন্ত নিজেরাই প্রতিরোধের পথ বেছে নিয়েছে।

ইরানের গণমাধ্যমে হুতিদের প্রশংসা

শনিবার ইরানে নতুন কর্মসপ্তাহ শুরুর পর কট্টরপন্থী ও আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলো হুতিদের সাম্প্রতিক অগ্রগতিকে বড় করে তুলে ধরেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির নিয়োগ করা সম্পাদকীয় নেতৃত্বাধীন পত্রিকা কেয়হান হুতিদের অগ্রগতিকে ‘প্রতিরোধের অলৌকিকতা’ আখ্যা দিয়ে দাবি করেছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কঠিন চাপে পড়েছে।

মাশহাদের প্রভাবশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্থান-ই কুদস রাজাভির প্রকাশিত কুদস পত্রিকা ইরান ও হুতিদের ‘প্রণালিগুলোর নিয়ন্তা’ হিসেবে উল্লেখ করেছে।

তবে হুতিদের সাম্প্রতিক সাফল্য নিয়ে ইরানে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও বাব আল-মান্দাব বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। ফলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে হুতিদের নিয়ন্ত্রণ কতটা বিস্তৃত হবে এবং তা বৈশ্বিক জাহাজ চলাচলে কী ধরনের প্রভাব ফেলবে, সেটিই এখন বড় প্রশ্ন।

সূত্র : আল জাজিরা 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হুথি  অগ্রযাত্রা  ইরান  মধ্যপ্রাচ্য 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: