সৌদিতে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে আহত ২, ক্ষতিগ্রস্ত মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে আঘাত হেনেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে

2026-09-13T08:44:00+00:00
2026-09-13T08:44:00+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদিতে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে আহত ২, ক্ষতিগ্রস্ত মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে আঘাত হেনেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ, কয়েকটি ভবন ও বেশ কয়েকটি যানবাহন। শনিবার জাজানের আল-তুওয়াল গভর্নরেটে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বলেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। এ ঘটনায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে হুথিরা বলেছে, তাদের হামলার লক্ষ্য ছিল সৌদির দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ এলাকায় একটি সামরিক ঘাঁটি।

সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, খামিস মুশাইত গভর্নরেটেও সতর্কতা জারি করা হয়েছিল। পরে সেখানে ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয়।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুথিরা। গত মঙ্গলবার আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালায় তারা। ওই হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবে হুথিদের হামলাও বেড়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় প্রায় চার বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়।

সম্প্রতি হুথিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। কৌশলগত গুরুত্বপূর্ণ মোচা বন্দরও তাদের দখলে গেছে। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনী আল-জাওফ, মারিব ও আল-বাইদায় নতুন করে লড়াই শুরু করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ।

 
সূত্র : আলজাজিরা

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  সৌদি  ক্ষেপণাস্ত্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: