ইউএস ওপেনের ফাইনালে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন এলেনা রাইবাকিনা। দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা নিশ্চিত করেছেন কাজাখস্তানের এই তারকা।
ফাইনালে নামার আগেই নিশ্চিত ছিল, ম্যাচের ফল যা-ই হোক, নতুন বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় হতে যাচ্ছেন রাইবাকিনা। তবে শুধু র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেই থামেননি তিনি, দুর্দান্ত পারফরম্যান্সে সাবালেঙ্কাকে হারিয়ে তুলে নিয়েছেন ইউএস ওপেনের ট্রফিও।
এর আগে ২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রাইবাকিনা। ইউএস ওপেনের শিরোপা যোগ হওয়ায় তার গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা এখন তিনটি। একই সঙ্গে চলতি মৌসুমে তার আধিপত্য আরও স্পষ্ট হলো।
অন্যদিকে টানা তৃতীয়বার ইউএস ওপেন জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে নেমেছিলেন সাবালেঙ্কা। কিন্তু শিরোপা ধরে রাখার পাশাপাশি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারাতে হলো বেলারুশের তারকাকে। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তার অস্থিরতা ও ভুল শট ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
দুই খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা শুধু কোর্টের পারফরম্যান্সেই নয়, ব্যক্তিত্বের বৈপরীত্যেও আলাদা মাত্রা পেয়েছে। রাইবাকিনার ঠান্ডা মাথার স্বভাবের বিপরীতে সাবালেঙ্কাকে প্রায়ই দেখা যায় আবেগপ্রবণ ও বিস্ফোরক প্রতিক্রিয়া দেখাতে। ফাইনালেও সেই পার্থক্যটি স্পষ্ট ছিল।
প্রথম সেটে রাইবাকিনার সবচেয়ে বড় অস্ত্র প্রথম সার্ভ প্রত্যাশামতো কাজ করেনি। তারপরও রিটার্নে দুর্দান্ত ছিলেন তিনি। সাবালেঙ্কাকে বেসলাইনে আটকে রেখে একের পর এক চাপ তৈরি করেন রাইবাকিনা এবং ৬-৪ ব্যবধানে সেটটি জিতে এগিয়ে যান।
দ্বিতীয় সেটে সাবালেঙ্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রাইবাকিনার খেলায় সামান্য ছন্দপতনের সুযোগ নিয়ে সেটটি জমিয়ে তোলেন তিনি। শেষ পর্যন্ত ১২তম গেমে রাইবাকিনার দ্বিতীয় সার্ভে আক্রমণ করে সেটটি ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান সাবালেঙ্কা।
তবে নির্ধারক সেটে আবারও নিয়ন্ত্রণ ফিরে পান রাইবাকিনা। তার গভীর রিটার্নে সাবালেঙ্কাকে বেসলাইনের পেছনে ঠেলে দেন তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন নতুন বিশ্বসেরা।
চ্যাম্পিয়নশিপ পয়েন্টে অবশ্য এক মুহূর্তের জন্য স্নায়ুচাপ দেখা যায় রাইবাকিনার। প্রথম ম্যাচ পয়েন্টেই ডাবল ফল্ট করেন তিনি। কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে পরের সুযোগে দুর্দান্ত একটি এস মেরে ম্যাচ শেষ করেন কাজাখ তারকা। ইউএস ওপেনের প্রথম শিরোপা জয়ের পাশাপাশি বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবেও নিজের অবস্থানকে যেন সিলমোহর দিয়ে দিলেন রাইবাকিনা।
সময়ের আলো/টিকে