আশি-নব্বইয়ের দশকের আবহে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের প্রবণতা এখন বেশ জনপ্রিয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অনেকেই ফিরে যাচ্ছেন সেই সময়ের সাজ ও পোশাকে। তবে এআইয়ের সহায়তা ছাড়াই এবার ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে নব্বইয়ের দশকের নায়কের আদলে সাজিয়ে চমকে দিলেন চিত্রনায়িকা পরীমণি।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে ছেলের তিনটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লেখেন, মাই রিয়েল নাইনটিস হিরো, অর্থাৎ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’।
আরও পড়ুন
ছবিতে নীল টি-শার্টের সঙ্গে নব্বইয়ের দশকের জনপ্রিয় স্টাইলে লম্বাটে চুলে দেখা গেছে ছোট্ট পূণ্যকে। ছেলের এমন ভিন্নধর্মী লুক প্রকাশ্যে আসতেই মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। মুহূর্তেই ছবিগুলোতে প্রশংসার বন্যা দেখা যায়।
এক ভক্ত মন্তব্য করেছেন, ভবিষ্যতের ক্রাশ, হ্যান্ডসাম বয়! আরেকজন লিখেছেন, যে যুগের হিরোই হোক, অলওয়েজ কিউটের ডিব্বা।
আবার অনেকেই পূণ্যের চেহারায় বাবা শরিফুল রাজের ছাপ খুঁজে পেয়েছেন। তাদের মন্তব্য, পুরাই বাপের মতো!
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে একাই বড় করে তুলছেন পরীমনি। পরবর্তী সময়ে একটি কন্যাসন্তান দত্তক নেন অভিনেত্রী। মেয়েটির নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।
দুই সন্তানকে নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটছে পরীমণির। তবে সম্প্রতি অভিনেত্রীর কোলে এক নবজাতককে দেখা যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা। কারও মনে প্রশ্ন জাগছে, তবে কি নতুন করে সন্তান দত্তক নিয়েছেন পরীমণি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রী কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
সময়ের আলো/ইউএমএইচ