চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার ভোর রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে অন্তত ১০। নিহতরা হলেনÑ মো. ফেরদৌস আলম (৬২), মোরশেদ আলম (১৮) মিফতা (১৭), মাইক্রোবাসের চালক মুন্না (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন হতাহতরা। বিয়ে শেষে মাইক্রোবাসে তারা কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা দেন। রোববার রাত পৌণে ৩টার দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিফতা নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, রোববার ভোর রাতে মাইক্রেবাস ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনার পরই সেখানে দুজনের মৃত্যু হয়। আহতদের চমেক হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
ফরিদপুর : খুলনা-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মুঠোফোনে জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বরিশাল : মসজিদে ফজরের নামাজ আদায়ের পর বাড়ি ফেরার পথে বেপরোয়াগতির ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায়। নিহত ফারুক দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন, ঘাতক ইজিবাইকটি সনাক্তকরণের চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় ৬৫ বছর বয়সি এক পথচারী বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কাজিপুর থানার পুলিশ। নিহত নুরজাহান আক্তার শিমুলদাইড় গ্রামের রোস্তম আলীর স্ত্রী।
কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে বালু পরিবাহী একাধিক ট্রাক চালক ও মালিককে জরিমানার আওতায় আনা হয়েছে।
সময়ের আলো/এনএন