আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার

ভোলা সংবাদদাতা

সারাদেশ

অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের কোষাগার লুট করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার

2026-09-14T03:41:50+00:00
2026-09-14T03:41:50+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার
ভোলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪১ এএম 
ছবি : সংগৃহীত
অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের কোষাগার লুট করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, বিদেশি সহায়তার অর্থ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থও লুট করে বিদেশে পাচার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘ক্ষমতায় এসে তারা বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। যা কিছু বিদেশি সাহায্য এসেছে, সবকিছু তারা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংক, সেই ব্যাংকের রিজার্ভ থেকে পর্যন্ত টাকা চুরি করে তারা ফিলিপাইন নিয়ে গেছে।’

তিনি বলেন, ফিলিপাইনে রিজার্ভ চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের অনেকেই এখন কারাগারে রয়েছেন। অথচ বাংলাদেশে ওই ঘটনায় জড়িতদের কারও বিচার হয়নি।

দেশের প্রশাসনে দুর্নীতির সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। নানা ধরনের ঘুষখোরি ও লুটপাটের কারণে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।’

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অন্যায়-অবিচারের বিচার হয়। কিন্তু বাংলাদেশে বছরের পর বছর মানুষ দাবি জানালেও অনেক অপরাধের বিচার হয় না।

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্পিকার বলেন, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও প্রধানমন্ত্রী দেশের সর্বনাশ করেছেন। তাঁর দাবি, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে। এ ছাড়া দুবাই ও যুক্তরাষ্ট্রেও তাঁর সম্পদ রয়েছে বলে দাবি করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, এসব সম্পদ বাংলাদেশের জনগণের অর্থ লুট করে বিদেশে নেওয়া হয়েছে। প্রশাসনে এখনো আওয়ামী লীগের বেশ কিছু লোক রয়েছেন বলেও দাবি করেন তিনি। এ কারণে দুর্নীতি ও লুটপাটের প্রকৃত চিত্র পুরোপুরি জনগণের সামনে আসছে না বলে মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে স্পিকার বলেন, প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশকে ভালো অবস্থায় দেখতে চায় না। তারা বাংলাদেশকে ‘করদ রাজ্য’ বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৬-১৭ বছর বাংলাদেশের জনগণের স্বার্থের চেয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে। এ সময়ে এমন অনেক অসম চুক্তি হয়েছে, যার কারণে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে।

চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারতীয় জাহাজ বন্দরে এলে অন্য জাহাজ, এমনকি বাংলাদেশের জাহাজও সরিয়ে আগে ভারতীয় জাহাজের পণ্য খালাসের সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ভারতীয় পণ্য পরিবহনে শুল্ক নিয়েও প্রশ্ন তোলেন স্পিকার। তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে যে পরিমাণ শুল্ক দেওয়ার কথা, তা যথাযথভাবে দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে পণ্য পরিবহন করা হচ্ছে। এতে বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের সীমান্তে প্রতিদিন তো লোক হত্যা করছে তারা। পাকিস্তানের সঙ্গেও তাদের বর্ডার আছে। ওইখানে তো কাউকে কোনো দিন গুলি চালানো হয় না।’

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ স্থানীয় বিএনপির নেতারা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দেশ  সরকারি কর্মকর্তা  চোর  স্পিকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: