ইলিশ বাঙালির কাছে পছন্দের খাবারের পাশাপাশি ঐতিহ্য ও আবেগের নাম। উৎসব, পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়ন- সব ক্ষেত্রেই ইলিশের গুরুত্ব রয়েছে। যেভাবেই রান্না করা হোক, ইলিশের স্বাদ ও ঘ্রাণ খাবারের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু সুস্বাদু ইলিশ চেনার উপায় কী? কেনার আগে জেনে নিন।
বাজার থেকে বেশি দাম দিয়ে ইলিশ কিনে এনে আশানুরূপ স্বাদ না পাওয়ার অভিজ্ঞতা হয় অনেকেরই। কেউ কেউ মনে করেন, ইলিশ যত বড় হবে, স্বাদও তত বেশি হবে। কিন্তু মাছের আকারের পাশাপাশি ওজন, সতেজতা, গড়ন, উৎস এবং সংরক্ষণের পদ্ধতিও ইলিশের স্বাদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
সাধারণত ১ থেকে ১.৫ কেজি ওজনের ইলিশ স্বাদ ও রান্নার সুবিধার দিক থেকে বেশ জনপ্রিয়। এ আকারের ইলিশ তুলনামূলকভাবে পরিণত হয় এবং এতে প্রাকৃতিক তেল ও চর্বির পরিমাণও ভালো থাকে। রান্নার সময় এই তেল মাছের মাংসে মিশে ইলিশকে করে তোলে নরম, রসালো ও সুস্বাদু। বিশেষ করে সরিষা ইলিশ কিংবা ভাজার ক্ষেত্রে মাঝারি আকারের ইলিশ অনেকের কাছেই বেশি উপভোগ্য মনে হয়।
১.৫ কেজি বা তার বেশি ওজনের ইলিশও সুস্বাদু হতে পারে। এক্ষেত্রে মাছটি কতটা তাজা, কোথা থেকে এসেছে এবং কীভাবে সংরক্ষণ করা হয়েছে- এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।
ইলিশ কেনার সময় তাই শুধু আকার দেখে সিদ্ধান্ত না নিয়ে, মাছের সতেজতাও ভালোভাবে যাচাই করা উচিত। তাজা ইলিশের চোখ সাধারণত পরিষ্কার ও উজ্জ্বল থাকে, কানকো থাকে টকটকে লাল। মাছের শরীর শক্ত ও চকচকে দেখায় এবং স্বাভাবিক রূপালি আভা থাকে। পেট অতিরিক্ত নরম বা অস্বাভাবিকভাবে ফোলা থাকা ঠিক নয়। পাশাপাশি মাছ থেকে অস্বাভাবিক বা তীব্র দুর্গন্ধ আসছে কি না, সেটিও খেয়াল করা দরকার।
সময়ের আলো/মহু