ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জের দানাজপুর সীমান্তে মরদেহটি হস্তান্তর করা হয়।
এ সময় বিজিবি ও বিএসএফের পাশাপাশি পীরগঞ্জ থানা পুলিশ এবং ভারতের রায়গঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এই হত্যার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের ভাষ্য, চারজন বাংলাদেশি সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়।
এতে আসাদুল হক (৩৮) গুলিবিদ্ধ হন এবং মোস্তাকিম (৩২) ও উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশি যুবক বিএসএফের হাতে আটক হন। এ ছাড়া একই ঘটনায় আইয়ুব আলী নামে একজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বিএসএফের ৬৩ চকশিবানন্দ ক্যাম্পের টহল দল সীমান্ত পিলার ৩৩৩ এমপির দায়িত্বপূর্ণ এলাকায় গুলি চালায়। গুলিতে আহত তিনজনকেই পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুলের মৃত্যু হয়।
নিহত আসাদুল হক পীরগঞ্জের ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
আটক মোস্তাকিম একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে এবং উদা রায় মুনষা নারায়ণের ছেলে। নিখোঁজ আইয়ুব আলীও একই এলাকার বাসিন্দা।
বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত ও আহতরা তার এলাকার বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যম থেকে তারা আসাদুলের মৃত্যুর খবর জানতে পারেন। পরে বিএসএফ আহত দুজনকে রায়গঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, বিষয়টি জানার পর বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ এক বাংলাদেশি নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। তিন দফা পতাকা বৈঠকের পর রোববার রাত সাড়ে ৮টার দিকে আসাদুলের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, বিজিবির মাধ্যমে মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তা স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
সময়ের আলো/জেডি