পেশিশক্তি প্রদর্শন করে সংগঠনের এক সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করা এবং নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌর যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন, নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন এবং নাঙ্গলকোট পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নূর আহমেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করাসহ নানা অনিয়মে জড়িত থাকার বিষয়ে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট উপজেলার ঢালুয়া ভাইরাস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হওয়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন ১৩ আগস্ট একই এলাকায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়ার সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
একই সময়ে বর্তমান সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার সমর্থিত নেতাকর্মীরাও সেখানে একটি মিছিল বের করেন। পরে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে। এতে আব্দুল গফুর ভুঁইয়ার সমর্থিত কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে সংগঠনের শৃঙ্খলা ও অনিয়মের অভিযোগে উপজেলা ও পৌর যুবদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
সময়ের আলো/জোই