
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত টিকটকে পরিচয়ের পর প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশের তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে মাত্র তিন মাসে প্রায় ১৫ নারীকে বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও উঠেছে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সময় চেন ইয়ংকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন এবং ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
পুলিশের ভাষ্য, চেন ইয়ং ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে পরিচিত হতেন। পরে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে আটকে রাখতেন এবং ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে গিয়ে অন্তত ১৫ নারীকে বিয়ের তথ্য পেয়েছে পুলিশ।
চেন ইয়ংকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের মধ্যে সাভারের এক নারীও তাকে নিজের স্বামী বলে দাবি করেন। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। একপর্যায়ে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
বড় বোনের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সেখান থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, শিক্ষার্থীর অভিযোগ, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, চেন ইয়ং চীনে নিয়ে যাওয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকার তরুণীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। পরে ভুয়া কাগজপত্র তৈরি করে তাদের বিয়ে করতেন বলে অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে ১৩ নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন তিনি। তাঁর গ্রেপ্তারের খবর প্রকাশের পর একাধিক নারী থানায় যোগাযোগ করে প্রতারণার শিকার হওয়ার কথা জানিয়েছেন।
সময়ের আলো/জোই