
নৌ-অ্যাম্বুলেন্স চালু হওয়ায় কম খরচে হাসপাতালে যাতায়াতের সুযোগ তৈরি হবে। ছবি : সংগৃহীত
নৌ-অ্যাম্বুলেন্স চালু হওয়ায় কম খরচে হাসপাতালে যাতায়াতের সুযোগ তৈরি হবে। ছবি : সংগৃহীত নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা সহজ করতে কুড়িগ্রামে চালু হয়েছে নৌ-অ্যাম্বুলেন্স। এর মাধ্যমে অসুস্থ রোগী, গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। বিশেষ করে রাতে কিংবা জরুরি প্রয়োজনে নৌযান না পাওয়ার ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ঘাটে নৌ-অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।
স্থানীয় বাসিন্দারা জানান, যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে প্রয়োজনের সময় নৌকা পাওয়া যায় না। আবার নৌকা পাওয়া গেলেও শহরের হাসপাতালে যেতে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। নতুন নৌ-অ্যাম্বুলেন্স চালু হওয়ায় কম খরচে হাসপাতালে যাতায়াতের সুযোগ তৈরি হবে। এটি দিন-রাত চালু রাখা গেলে চরবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে।
যাত্রাপুর ইউনিয়নের কলাকাটা গ্রামের জরিনা বেগম (৫৫), আছিয়া বেগম (৫০) ও খলিল মিয়া (৬০) জানান, জরুরি প্রয়োজনে সময়মতো নৌকা না পাওয়ায় প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় তাদের। নতুন এই উদ্যোগে চিকিৎসাসেবা পাওয়া সহজ হবে বলে আশা করছেন তারা।
একই ইউনিয়নের ঝুনকার চর এলাকার আসাদুল ইসলাম (৬০) বলেন, সড়ক যোগাযোগব্যবস্থা সীমিত হওয়ায় জরুরি মুহূর্তে নৌকাই যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু প্রয়োজনের সময় নৌকা না পেলে রোগীকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের নিয়ে বিপাকে পড়তে হয় স্বজনদের।
যাত্রাপুর ইউনিয়নের আছমা বেগম (৪০) বলেন, শুধু গর্ভবতী নারী নন, এলাকার যেকোনো অসুস্থ মানুষ এই সুবিধা পাবেন। এতে চরাঞ্চলের বাসিন্দারা উপকৃত হবেন।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. গফুর বলেন, নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ যোগাযোগব্যবস্থা। কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। দুর্গম যোগাযোগব্যবস্থা ও পর্যাপ্ত যানবাহনের অভাবে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এমন পরিস্থিতিতে নৌ-অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ অত্যন্ত উপকারী হবে। পাশাপাশি চরাঞ্চলে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা গেলে মানুষ আরও ভালো স্বাস্থ্যসেবা পাবেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, চরাঞ্চলের অসুস্থ, বৃদ্ধ, শিশু ও গর্ভবতী মায়েদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পৌঁছাতে সহায়তা করবে এই অ্যাম্বুলেন্স। এটি যেন বন্ধ হয়ে না যায়, সেদিকে নজর রাখা হবে।
চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি রোগী পরিবহনের জন্য আরও নৌযান বরাদ্দের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সময়ের আলো/এনএন