নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয় দিয়ে যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

ভারত থেকে দেশে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনের নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে যুবদল নেতা

2026-11-26T22:13:54+00:00
2026-11-26T22:13:54+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয় দিয়ে যুবদল নেতা বহিষ্কার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম 
আজহারুল ইসলাম সোহাগ ও মোশাররফ হোসেন মুন। ছবি : সংগৃহীত
আজহারুল ইসলাম সোহাগ ও মোশাররফ হোসেন মুন। ছবি : সংগৃহীত
ভারত থেকে দেশে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনের নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে যুবদল নেতা আজহারুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বহিষ্কৃত আজহারুল ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচিত। তবে জেলা যুবদলের দাবি, তিনি সংগঠনের একজন সাধারণ কর্মী। তার কোনো সাংগঠনিক পদ নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন মুন। সেখান থেকে দেশে ফিরে আজহারুল ইসলামের বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের রক্ষায় ভূমিকা রাখার অভিযোগে আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে আজহারুল ইসলামের সঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে খোকার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তারা আপন খালাতো ভাই। এই আত্মীয়তার সূত্র ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয় দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল কি না, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

তবে এ ঘটনায় আবুল কালাম আজাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু। তিনি বলেন, আবুল কালাম আজাদের সঙ্গে আজহারুলের আত্মীয়তার সম্পর্ক থাকলেও এ ঘটনায় খোকার কোনো ভূমিকা নেই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ।


ফরিদ উদ্দিন শিবলু আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পরই আজহারুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এর মধ্যে ২০২৪ সালের ২৩ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। একই বছরের ২১ নভেম্বর সদর দক্ষিণ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরেকটি মামলা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুমিল্লা  কুমিল্লা মহানগর  ছাত্রলীগ  নিষিদ্ধ ছাত্রলীগ  মোশাররফ হোসেন মুন  আজহারুল ইসলাম  যুবদল  যুবদল নেতা বহিষ্কার  ফরিদ উদ্দিন শিবলু  আবুল কালাম আজাদ  জেলা গোয়েন্দা পুলিশ  আওয়ামী লীগ  রাজনৈতিক সংবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: