শ্রীপুরে সড়কে নিম্নমানের খোয়া ব্যবহার, কাজ বন্ধের নির্দেশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ি থেকে সিংড়াতলী অভিমুখী প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণকাজে নিম্নমানের খোয়া ও মাটিযুক্ত ইট ব্যবহারের

2026-09-14T18:39:31+00:00
2026-09-14T18:40:11+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে সড়কে নিম্নমানের খোয়া ব্যবহার, কাজ বন্ধের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৬:৪০ পিএম
সড়কটির বিভিন্ন অংশে শ্রমিকেরা নির্মাণকাজ করছেন। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ি থেকে সিংড়াতলী অভিমুখী প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণকাজে নিম্নমানের খোয়া ও মাটিযুক্ত ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন গুরুত্বপূর্ণ এই সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের পর সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রকৌশল দফতর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশে শ্রমিকেরা নির্মাণকাজ করছেন। সড়কের কাজে ব্যবহারের জন্য বিভিন্ন স্থানে খোয়া স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব খোয়ার মধ্যে নিম্নমানের ইটের খোয়া, মাটিযুক্ত এবং পোড়ামাটির মতো দেখতে ইটের খোয়া রয়েছে। নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার না করে এসব উপকরণ দিয়ে কাজ করায় সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়কে নির্ধারিত স্পেসিফিকেশন ও মান অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহারের কথা থাকলেও বাস্তবে তা যথাযথভাবে মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার অবহিত করা হলেও শুরুতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন সুজন বলেন, খুবই নিম্নমানের খোয়া দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। উপজেলা প্রকৌশলীকে একাধিকবার ফোন করে বিষয়টি জানিয়েছি। তিনি শুধু দেখছেন বলে জানিয়েছেন। কিন্তু সরেজমিনে এসে কাজটি দেখেছেন বলে আমরা জানি না।

আরেক বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, এক কোটি টাকার বেশি ব্যয়ের রাস্তার কাজে যদি নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়, তাহলে এই রাস্তা কতটা টেকসই হবে, তা নিয়ে শঙ্কা রয়েছে। নির্মাণের পর দ্রুত রাস্তা নষ্ট হয়ে গেলে আবার জনগণের টাকায় সংস্কার করতে হবে।

তবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। তিনি বলেন,এগুলো অটোব্রিকসের খোয়া। এগুলোর টেস্টের রেজাল্ট ভালো। তারপরও বিষয়টি নিয়ে আমি সাইটে লোক পাঠিয়ে দেখছি।

এ বিষয়ে তথ্য জানতে উপজেলা প্রকৌশল দফতরে গেলে উপ-সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া বলেন, সকাল থেকে তিন-চারটি কাজের ফাইলের মধ্যে সংশ্লিষ্ট কাজের ফাইলটি পাওয়া যাচ্ছে না। তাই এই মুহূর্তে সঠিক তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমজাদ ট্রেডার্সের লোকজনকে কাজের বিষয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, আমরা বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখব। পুরোনো রাস্তা রিকভার করার সময় পাওয়া প্রায় ১৫ লাখ টাকার সেলভেজের কিছু খোয়া ওপরে দেওয়ার কথা রয়েছে। এ কারণে হয়তো স্থানীয়দের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন একটি প্রকল্পের নির্মাণসামগ্রীর মান নিয়ে প্রশ্ন ওঠা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তাদের প্রশ্ন, কাজের শুরুতেই যদি নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠে, তাহলে প্রকল্পের তদারকি ও মান নিয়ন্ত্রণ কতটা যথাযথভাবে হচ্ছে?
তাদের দাবি, দ্রুত সরেজমিনে তদন্ত করে নির্মাণকাজে ব্যবহৃত খোয়া ও অন্যান্য সামগ্রীর মান পরীক্ষা করা হোক। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ সত্য প্রমাণিত হলে সেগুলো অপসারণ করে প্রকল্পের নকশা, প্রাক্কলন ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে টেকসই ও জনবান্ধব সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শ্রীপুর  সড়ক  খোয়া  অভিযোগ  নির্দেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: