আক্ষেপ থেকে প্রাপ্তি জেভেরেভের

ক্রীড়া ডেস্ক

খেলা

ছয় বছর আগে ঠিক এই মঞ্চেই শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে ছিলেন আলেক্সান্ডার জেভেরেভ। অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমের বিপক্ষে

2026-09-15T04:40:14+00:00
2026-09-15T04:40:14+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আক্ষেপ থেকে প্রাপ্তি জেভেরেভের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ এএম 
ছবি : সংগৃহীত
ছয় বছর আগে ঠিক এই মঞ্চেই শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে ছিলেন আলেক্সান্ডার জেভেরেভ। অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমের বিপক্ষে ইউএস ওপেনের ফাইনালে দুই সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে গিয়েছিলেন জার্মান তারকা। এমনকি পঞ্চম সেটে শিরোপার জন্য সার্ভও করেছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচের পর ট্রফি হাতে তোলার বদলে চোখের পানি মুছতে হয়েছিল তাকে।

সেবারের সেই হতাশা যেন ২০২৬ সালে এসে পুরোপুরি বদলে গেল। এবারও ইউএস ওপেনের ফাইনাল, এবারও সামনে কঠিন পরিস্থিতি। তবে প্রতিপক্ষের চেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ঘরের মাঠের ২৪ হাজার দর্শক। তাদের সমর্থন ছিল আমেরিকান বেন শেলটনের দিকে। কিন্তু জেভেরেভ এবার আর অতীতের সেই মানুষটি নন। জুনে ফ্রেঞ্চ ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফির স্বাদ পাওয়া জার্মান তারকা এবার আরও পরিণত, আরও স্থির।

শেলটনকে ৬-৩, ৭-৬ (৭-২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নেন জেভেরেভ। সবচেয়ে অবাক করা বিষয়, ম্যাচ জেতার মুহূর্তটিও শুরুতে বুঝতে পারেননি তিনি। চ্যাম্পিয়নশিপ পয়েন্টে শেলটনের রিটার্ন বাইরে যাওয়ার পরও জেভেরেভ পরের পয়েন্টের জন্য প্রস্তুত হয়ে বেসলাইনে দাঁড়িয়ে ছিলেন। দলের সদস্যরা তাকে জানান, ম্যাচ শেষ হয়ে গেছে। তখনই যেন বাস্তবে ফিরলেন তিনি। মুখে ফুটে উঠল বিস্মিত হাসি, দুই হাত উঠল আকাশের দিকে। পরে জেভেরেভ জানান, পুরো ম্যাচজুড়ে তিনি এতটাই মনোযোগী ছিলেন যে দর্শকদের শব্দও শুনতে পাননি। স্কোর ভুলে শুধু পরের পয়েন্ট নিয়ে ভাবার যে শিক্ষা টেনিসে দেওয়া হয়, ফাইনালে সেটিই কাজে লেগেছে তার।

এই জয় শুধু একটি গ্র্যান্ড স্লাম ট্রফি নয়, জেভেরেভের ক্যারিয়ারের দীর্ঘ অপেক্ষারও উত্তর। একসময় তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। এত প্রতিভা থাকার পরও বড় মঞ্চে কি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারবেন? কারণ এর আগে তিনটি গ্র্যান্ড সøাম ফাইনালে হেরে গিয়েছিলেন তিনি। বিশেষ করে ২০২০ সালের ইউএস ওপেনের সেই হার তার ক্যারিয়ারের অন্যতম বড় আক্ষেপ হয়ে ছিল। এবার সেই একই মঞ্চে ফিরে তিনি যেন পুরোনো গল্পটিই নতুন করে লিখলেন।

 
ফ্রেঞ্চ ওপেনের পর তিন মাসের ব্যবধানে জিতে নিলেন দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। গত ৩০ বছর ধরে জার্মান পুরুষ টেনিসে কোনো গ্র্যান্ড স্লাম একক শিরোপা ছিল না। ২০২৬ সালে জেভেরেভের হাত ধরে সেই অপেক্ষার অবসান হয়েছে দুবার।

ফিটনেসেও বড় পরিবর্তন এসেছে তার খেলায়। সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়ন বার্তোলি জেভেরেভকে টেনিসের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবে উল্লেখ করেছেন। দীর্ঘ ম্যাচে তার শারীরিক সক্ষমতা, শক্তিশালী প্রথম সার্ভ এবং বেসলাইন থেকে ধারাবাহিকতা এখন প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। তবে শেলটনের জন্য এই টুর্নামেন্ট ব্যর্থতার গল্প নয়।

২৩ বছর বয়সি আমেরিকান প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে প্রথমবারের মতো কোনো শীর্ষ তিন খেলোয়াড়ের বিপক্ষে জয় পেয়েছিলেন তিনি। তার আগে হারিয়েছেন তিন সাবেক টপ-১০ খেলোয়াড়কেও। আগামী সোমবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা চতুর্থ স্থানে উঠবেন শেলটন।

তবে ফাইনালে নিজের সেরা টেনিসটা পুরোপুরি খেলতে পারেননি শেলটন। গুরুত্বপূর্ণ মুহূর্তে ফোরহ্যান্ডে বেশ কিছু ভুল করেছেন। ম্যাচ শেষে শেলটনও স্বীকার করেছেন, বল নিজের র‍্যাকেটে থাকার পরও অতিরিক্ত ভুলই তাকে ভুগিয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   আক্ষেপ  প্রাপ্তি  জেভেরেভ  ইউএস ওপেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: