ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দীন খান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার সন্ধ্যার পর হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন একটি লিফটে আগুন লাগে। এ সময় আতঙ্কে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে কয়েকজন আহত হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এক শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
তবে অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। এর মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে তাদের পরিবার নিশ্চিত করেছে।
অন্য দুজনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।
ঘটনার পর রাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। প্রকৃত ঘটনা ও মৃত্যুর কারণ নিশ্চিত করতেই এখন তদন্ত কমিটি কাজ করবে।
সময়ের আলো/এমকে