যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি হওয়া ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
অনলাইনে এ ধরনের সন্দেহভাজন বা প্রতারণামূলক যোগাযোগ থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইউএস অ্যাম্বাসি ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সাবধান থাকুন। দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনোই আপনার কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না।
বার্তায় আরও জানানো হয়, কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করলে এবং টাকা বা তথ্য চাইলে তাতে সাড়া দেবেন না। কোনো টাকা পাঠাবেন না।
এ ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন থাকতে এবং প্রতারকদের ফাঁদে না পড়তে সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।
সময়ের আলো/জেকিউএফ