পবিত্র নগরী মক্কা, জেদ্দা ও তাইফে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারির কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করেছে সৌদি সরকার। মঙ্গলবার সৌদি সিভিল ডিফেন্সের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বাড়ার কারণে এ সতর্কতা জারি করা হয়। তবে কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই প্রথম মক্কায় এমন সতর্কতা জারি করা হয়। এর আগে দেশটির ছয়টি অঞ্চলেও অল্প সময়ের জন্য বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল। রিয়াদ-নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সোমবার ইয়েমেন থেকে সৌদির খামিস মুশাইত, আবহা ও তাইফে ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা। এতে ১৩ জন আহত হয়েছেন।
হুথিদের দাবি, এর জবাবে ৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এ পরিস্থিতিতে সৌদি আরব মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে হুথিদের ঠেকাতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে।
এএফপি জানায়, চলতি বছর জুলাইয়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইয়েমেনের হুথিদের আবারও লড়াই শুরু হয়। হুথিরা রিয়াদের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করে এবং লোহিত সাগরে সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে। গত সপ্তাহে লোহিত সাগর উপকূল ও বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথিরা।
সময়ের আলো/প্রিন্ট/জেডি