আর্জেন্টিনার সাফল্যের গল্পে গত কয়েক বছরে যোগ হয়েছে একের পর এক অধ্যায়। কোপা আমেরিকা, বিশ্বকাপ—বড় মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে লিওনেল স্কালোনির দল। কিন্তু এত সাফল্যের মাঝেও একটি জায়গা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে—লেফট ব্যাক।
লিওনেল মেসি যখন জাতীয় দলের নেতৃত্বে ছিলেন, তখনও এই জায়গায় স্থায়ী সমাধান খুঁজতে হয়েছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপসহ বিভিন্ন ম্যাচে রক্ষণে বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে ভুগতে হয়েছে দলটিকে। এবার সেই জায়গায় নতুন মুখ হিসেবে আলোচনায় এসেছেন রোমান ভেগা।
আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচগুলোর জন্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। লেফট ব্যাক তার মূল পজিশন হলেও মাঝমাঠেও খেলতে পারেন ভেগা। তবে জাতীয় দলে আপাতত রক্ষণভাগের বাঁ দিকেই তার কাছ থেকে দায়িত্ব পালনের প্রত্যাশা করা হচ্ছে।
জাতীয় দলে ডাক পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভেগা। তবে তার সামনে এখন শুধু ব্যক্তিগত স্বপ্নপূরণের সুযোগ নয়, বরং জাতীয় দলের একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জও।
ভেগার ফুটবলের শুরু আর্জেন্টিনোস জুনিয়র্সে। সেখান থেকেই ধীরে ধীরে উঠে আসেন পেশাদার ফুটবলে। পরবর্তী সময়ে বার্সেলোনার ‘বি’ দলে খেলেছেন তিনি। এরপর পাড়ি জমান রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে। সেখানে পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্যের জানান দিয়ে নজরে আসেন জাতীয় দলের কোচ স্কালোনির।
আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের তালিকাও ভেগার জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে। গত কয়েক বছরে আলবিসেলেস্তেরা চারটি বড় শিরোপা জিতেছে। সেই দলের অংশ হওয়ার স্বপ্ন দেখেন বিশ্বের অসংখ্য তরুণ আর্জেন্টাইন ফুটবলার। ভেগার জন্য সেই স্বপ্ন এবার বাস্তবের আরও কাছে।
তবে জাতীয় দলে ডাক পাওয়াই শেষ কথা নয়। আন্তর্জাতিক ফুটবলে নিজের জায়গা তৈরি করতে হলে তাকে পারফরম্যান্স দিয়ে প্রমাণ করতে হবে। বিশেষ করে আর্জেন্টিনার লেফট ব্যাক পজিশনে দীর্ঘদিনের প্রশ্নের উত্তর দিতে পারলে ভেগার সামনে খুলে যেতে পারে নতুন এক অধ্যায়।
এখন দেখার বিষয়, ক্লাব ফুটবলে নিজের সামর্থ্যের যে ছাপ রেখেছেন ভেগা, জাতীয় দলের জার্সিতেও সেটি ধরে রাখতে পারেন কি না। ব্যক্তিগত স্বপ্ন পূরণের সঙ্গে আর্জেন্টিনার দীর্ঘদিনের একটি সমস্যার সমাধানও কি খুঁজে দিতে পারবেন এই তরুণ—উত্তর মিলবে মাঠেই।
সময়ের আলো/টিকে