মারিয়াদের এবার দক্ষিণ কোরিয়া পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করে এশিয়ান গেমস নারী ফুটবলে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সেই

2026-09-16T23:42:10+00:00
2026-09-16T23:42:10+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মারিয়াদের এবার দক্ষিণ কোরিয়া পরীক্ষা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম 
ছবি : সংগৃহীত
শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করে এশিয়ান গেমস নারী ফুটবলে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই সামনে আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। এশিয়ার নারী ফুটবলের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় ওসাকার নাগাই স্টেডিয়ামে নামবে পিটার বাটলারের শিষ্যরা।

উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের রক্ষণ ছিল পুরোপুরি অগোছালো। প্রথমার্ধেই সাত গোল হজম করে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ১০-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে নারী দলের এটাই সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। সেই ম্যাচে বাংলাদেশের একাদশ নিয়েও ছিল আলোচনা-সমালোচনা। দলের অন্যতম অভিজ্ঞ দুই ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাসহ ছয় সিনিয়র খেলোয়াড়কে বাইরে রেখে তুলনামূলক তরুণ দল নিয়ে মাঠে নামেন কোচ বাটলার। শুরু থেকেই অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে বারবার ভুল করেছে বাংলাদেশের রক্ষণ, যার সুযোগ নিয়ে সহজেই গোল পেয়েছে উত্তর কোরিয়া। 


এবার সেই ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়ানোর পালা। তবে প্রতিপক্ষ বদলালেও পরীক্ষার মাত্রা কমছে না। দক্ষিণ কোরিয়াও এশিয়ার শক্তিশালী দলগুলোর একটি। নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারকে ৫-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা। বিপরীতে বড় হারের ধাক্কা সামলে দ্রুত নিজেদের গুছিয়ে নেওয়াই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাড়তি দুশ্চিন্তার কারণ হতে পারে বয়সভিত্তিক দলের লড়াইও। ২০২৫ সালে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে প্রথমার্ধে ১-১ সমতা ধরে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। তবে দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত ম্যাচটি হারে ৬-১ গোলে। অবশ্য বয়সভিত্তিক দলের সেই ফল জাতীয় দলের সঙ্গে সরাসরি তুলনা করার সুযোগ নেই।

তবে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চান বাংলাদেশের সহকারী কোচ আবুল হোসেন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো করতে পারিনি। তবে আমাদের আরও দুইটা ম্যাচ খেলার সুযোগ আছে। আমরা আশা করি, সামনের ম্যাচে মেয়েরা ভালো করার চেষ্টা করবে। আমাদের থেকে কোরিয়া অনেক এগিয়ে, তবে আমরা চেষ্টা করব ভালো খেলার।’ রক্ষণে ভুল কমানোর প্রত্যয় ডিফেন্ডার শিউলি আজিমের কণ্ঠেও। তিনি বলেন, ‘আমাদের সব মিলিয়ে প্রস্তুতি ভালো। আগের ম্যাচে আমাদের যে ভুলত্রুটি হয়েছে, আমরা চেষ্টা করব ভুলগুলো না করার। আগের ম্যাচে আমরা ডবল ডিজিট গোল খেয়েছি, তবে এবার চেষ্টা থাকবে যাতে এত গোল না খাই।’

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   মারিয়া  দক্ষিণ কোরিয়া  পরীক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: