ফেনীতে বিক্ষোভ মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের হাজারী রোডের পশ্চিম মাথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযানে ফেনী শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে সেনবাগ উপজেলার মুজিরখিল এলাকার মো. ইসলামের ছেলে ফখরুল ইসলাম (২৩), একই উপজেলার বীরকোট এলাকার আবদুল জলিলের ছেলে ইমাম হোসেন (২৪), একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে শহিদুল ইসলাম স্বাধীন (২৩), বশির পাটোয়ারীর ছেলে রোহান পাটোয়ারী (২৩), জহিরুল ইসলামের ছেলে ফখর (২২), এবাদুল হকের ছেলে মো. তানিম (২২), কেশাবপাড় এলাকার আবদুর রশিদের ছেলে গোলাম রাব্বি (২৩) ও শাহজাহানের ছেলে নুর ইসলামকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও মাদক কারবারিসহ অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই