বিপিএলে ফিক্সিং কাণ্ডে আরও দুই কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
অভিযুক্ত দুজন হলেন- চট্টগ্রাম রয়্যালসের মালিক মোঃ আব্দুল কাইয়ুম রাশেদ এবং দুর্বার রাজশাহীর ম্যানেজার মোঃ আমিন খান। আইসিসি অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপ্যান্টসের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আব্দুল কাইয়ুম রাশেদ দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিক ছিলেন এবং আমিন খান একাদশ আসরে দুর্বার রাজশাহীর ও দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের টিম অফিসিয়াল (অপারেশন-ম্যানেজার) ছিলেন।
বিসিবি জানায়, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিটের পরিচালিত তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরকে ঘিরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য প্রকাশে ব্যর্থতা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানোর অভিযোগ রয়েছে।'
আব্দুল কাইয়ুম রাশেদ আইসিসির দুর্নীতি বিরোধী কিছু ধারা ভঙ্গ করেছেন। অনৈতিকভাবে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতির প্রস্তাবের বিষয়ে দুর্নীতি দমন কর্মকর্তাকে অবহিত না করা এবং তদন্তের কাজে অসহযোগিতা করার কারণে ভঙ্গ হয়েছে।
অন্যদিকে, আমিন খান ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতিতে প্ররোচনা দেওয়া, তদন্তে অসহযোগিতা করা এবং প্রমাণাদি ধ্বংস করা বা তদন্তে বাধা দেওয়ায় অভিযুক্ত হয়েছেন।
নিয়ম অনুযায়ী, অভিযুক্ত দুই কর্মকর্তা জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাবেন।
উল্লেখ্য, এর আগে এ মাসের শুরুতে শাস্তি পেয়েছিলেন আমিনুল ইসলামের বোর্ডের সাবেক পরিচালক মোখলেছুর রহমান, সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হাসান ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।
সময়ের আলো/মহু