২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী- আগামী বছরের ১৯ মার্চ এ পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি কমিটির এক সভায় এ তারিখ নির্ধারণ হয়। সভা শেষে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির যুগ্ম-আহবায়ক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এ তথ্য জানান।
তিনি জানান, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ, ২০২৭, ‘সি’ ও ‘ডি’ ভর্তি পরীক্ষা ২০ মার্চ, ২০২৭ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ, ২০২৭ অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ও অন্যান্য তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন ছিল প্রায় সাড়ে ১৩ হাজার। এখন পর্যন্ত গত বছরের গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ই গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়নি।
গুচ্ছে থাকা ২০ বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
এদিকে, কমিটির যুগ্ম-আহ্বায়ক নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আগের বছর যে ২০ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তিতে ছিল, তারা সবাই এবারও থাকবেন। ২০টির সঙ্গে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তিতে যুক্ত হতে পারে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করা হতে পারে।
যুক্ত হওয়ার অপেক্ষায় যে তিন বিশ্ববিদ্যালয়
গুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় ২০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে নতুন তিনটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো-বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
তবে বিশ্ববিদ্যালয় তিনটি এখনো শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে থাকায় গুচ্ছে যুক্ত হলে এসব প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমও সমন্বিত পদ্ধতিতে সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।
সময়ের আলো/টিকে