সৌদি আরবের নিরাপত্তা জোরদারে দেশটির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অত্যাধুনিক যুদ্ধবিমানের সম্ভাব্য মূল্য প্রায় ২৪.৩ বিলিয়ন ডলার। এমন খবর দিয়েছে আল-জাজিরা।
এটি হাতে পেলে সৌদি আরবই হবে মার্কিন এফ-৩৫ প্রাপ্ত প্রথম কোনো আরব দেশ। চুক্তিটি বাস্তবায়নে অবশ্য এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি সৌদি আরবের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে দাবি করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসেবে পরিচিত এফ-৩৫ সৌদি আরবকে দেওয়া হলেও এতে অঞ্চলটির সামরিক ভারসাম্য পরিবর্তন হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘদিনের মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলকে সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখার নিশ্চয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন ইয়েমেনের হুথিরা দাবি করেছে, তারা বুধবার মারিব শহরের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। হুতিরা এমন একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে শহরটিতে যোদ্ধাদের পুড়তে থাকা ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের দাবি, ধ্বংসাবশেষটি যুক্তরাষ্ট্রে তৈরি সৌদি এফ-১৫ যুদ্ধবিমানের।
এতদিন ইয়েমেনে সৌদি আরবের সামরিক বাহিনী আকাশপথে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে ছিল। প্রতিবেশী ইয়েমেনে হামলা চালাতে তারা বিমানশক্তির ওপর ব্যাপকভাবে নির্ভর করেছে।
সময়ের আলো/জেকিউএফ