ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব (২৩) নামে যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ৫ জন যুবক ওই প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করে। এসময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, লুটপাটের পর দুর্বৃত্তরা গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে এক কিলোমিটার দূরে চর কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে রাজিবকে আটক করে। এসময় অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
সময়ের আলো/এনএন