ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পাকস্থলী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও একটি মোমবাতি বের করেছেন চিকিৎসকেরা। উদ্ধার হওয়া কলমগুলোর মধ্যে একটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ সেন্টিমিটার। ঘটনাটি চিকিৎসকদেরও বিস্মিত করেছে।
গত ৫ সেপ্টেম্বর পালানাডু জেলার নারসারাওপেটের মাতাশ্রী প্রাইভেট হাসপাতালে ওই নারীকে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। পেটলুরিভারিপালেম গ্রামের বাসিন্দা ওই নারীর বুকে ব্যথা ও তীব্র অস্বস্তি হচ্ছিল।
পরীক্ষা-নিরীক্ষার পর তার পাকস্থলীতে অস্বাভাবিক কিছু বস্তু থাকার বিষয়টি শনাক্ত করেন চিকিৎসকেরা। পরে চিকিৎসক পি রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে একটি দল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। প্রায় এক ঘণ্টার ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারে একে একে সবগুলো বস্তু বের করে আনা হয়।
চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য প্রায় ২৫ সেন্টিমিটার। একটি কলমের ঢাকনাও পাওয়া যায়নি। চিকিৎসকদের ধারণা, এ ধরনের কোনো বস্তু পাকস্থলীতে আঘাতের কারণ হতে পারে।
রামচন্দ্র রেড্ডি বলেছেন, কীভাবে ওই নারী এতগুলো বস্তু গিলে ফেলতে সক্ষম হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। ওই নারীর বাবা জানান, তার মেয়ে প্রায় ১০ বছর ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। দুই মাস আগে তার স্বামীও তাকে তালাক দিয়ে চলে যান।
অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
সূত্র : জিও নিউজ
সময়ের আলো/এমকে