এই সপ্তাহের কবিতা

সাহিত্য

খোকার ভাবনাসৈয়দ আহম্মেদ সাদিওই বাড়িটা দাদার ছিল,এই বাড়িটা বাবার,আমি একটা বাড়ি কিনববড় হলে আবার।বাবা-মাকে মায়ার টানেঘরে তুলে নেব,মায়ের জন্য ওষুধ-বড়িশাড়ি

2026-09-19T02:48:04+00:00
2026-09-19T02:48:04+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য
এই সপ্তাহের কবিতা
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৮ এএম 
গ্রাফিক : সময়ের আলো
খোকার ভাবনা
সৈয়দ আহম্মেদ সাদি

ওই বাড়িটা দাদার ছিল,
এই বাড়িটা বাবার,
আমি একটা বাড়ি কিনব
বড় হলে আবার।

বাবা-মাকে মায়ার টানে
ঘরে তুলে নেব,
মায়ের জন্য ওষুধ-বড়ি
শাড়ি কিনে দেব।

বাবার জন্য কিনে দেব
নরম গদির চেয়ার,
তাদের যত প্রয়োজন
সবই দেবার জোর।

বাবার সাথে, মায়ের সাথে
করব না আর আড়ি,
বাবা-মায়ের দোয়ায় যেন
বড় হতে পারি।

এই দুনিয়ার লোভ-লালসা
অল্প দিনের তরে,
বাবা-মাকে সেবা করলে
শান্তি মিলবে ঘরে।




সাঁতার কাটবে দুষ্টু খোকা
জোবায়ের রাজু

সাঁতার কাটবে দুষ্টু খোকা
নিরাপদ জলে,
ইচ্ছে পূরণ করতে খোকা
থাকবে নাকো থেমে।

গুরুজনের কথা মেনে
নামবে খোকা জলে,
সাঁতার শেখা কাজটি ভালো
গুরুজনে বলে।

এপার থেকে ওপারেতে
খোকা সাঁতার কাটে,
জিরিয়ে নিতে ভেসে আসে
সানবাঁধানো ঘাটে।

বারবার সে ডুব দিতে চায়,
কী যে ভালো লাগে!
সাঁতরে দীঘি পাড়ি দিতে
খোকার ইচ্ছা জাগে।

সাঁতার কেটে ক্লান্ত হলে
বিশ্রাম নিতে হয়,
তবু খোকার সাঁতার কাটার
ইচ্ছা কমে নয়।




শরৎ এলে
সারমিন চৌধুরী

শুভ্র মেঘের নায়ে চড়ে
আসে শরৎকাল,
বাংলাদেশের গাছে গাছে
পাকে মধুর তাল।

গগনজুড়ে রোদ-ছায়ারা
খেলে লুকোচুরি,
শরৎ এলে প্রকৃতি পায়
নতুন রূপমাধুরী।

স্থলপদ্ম, শালুক, চাঁপার
মিষ্টি ঘ্রাণে মন কাড়ে,
সারি সারি কাশফুল হাসে
নদীর দু-ধারে।

শিশিরবিন্দু মুক্তা হয়ে
ঘাসের বুকে জ্বলে,
শিউলিফুলের মালা গেঁথে
খোকাখুকু খেলে।

চাষির মুখে মিষ্টি হাসি,
দেখে আমন ধান,
ভাদ্র-আশ্বিন মাসে নামে
শরৎ সুখের বান।




ভাদ্র মাসের তাল
এম. আবু বকর সিদ্দিক

ভাদ্র মাসে গাছে গাছে
নাচে পাকা তাল,
নীল আকাশে উঠল হেসে
সাদা মেঘের পাল।

সুয্যিমামার মেজাজ ভারী,
দিচ্ছে ভীষণ তাপ,
পাকা পাকা তালগুলো সব
পড়ছে ধুপধাপ।

তালের বড়া, তালের পিঠা
ছড়ায় মধুর ঘ্রাণ,
মায়ের হাতে তালের পায়েস
জুড়ায় সবার প্রাণ।

ভোরবেলায় তাল কুড়াতে
লাগে বেজায় সুখ,
পাকা তালের আঁটি চুষে
রাঙাই আমার মুখ।


সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: