মক্কাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলার ঘটনাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে উল্লেখ করেছেন মসজিদ আল-হারাম ও মসজিদে নববীর ইমামরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মসজিদ আল-হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা একটি ‘রেড লাইন’। আল্লাহর ঘর ও নবীর মসজিদকে লক্ষ্য করার সঙ্গে ইসলামের শিক্ষার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। হুথিরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড আড়াল করতে ধর্মীয় স্লোগান ব্যবহার করছে বলেও অভিযোগ করেন বালিলা।
মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হুথিদের হামলা তাদের সন্ত্রাসবাদের ধারাবাহিকতার অংশ। এসব হামলার মাধ্যমে নিরপরাধ মানুষের রক্তপাত ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।
সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্য এসব হামলায় আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন শেখ বালিলা।
সূত্র : সৌদি গেজেট
সময়ের আলো/এমকে