চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কৃষকের পেঁপে বাগান কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহড়াতল এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বহড়াতল এলাকার বরকত উল্লাহর জমিতে বর্গাচাষি হিসেবে পেঁপে বাগানটি গড়ে তুলেছিলেন শরিফুল ইসলাম (নয়ন) মাস্টার। দীর্ঘদিনের শ্রম, সময় ও অর্থ ব্যয় করে তিনি বাগানটি তৈরি করেন। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা বাগানের পেঁপে গাছগুলো কেটে নষ্ট করে দেয়।
স্থানীয়রা বলেন, মানুষের মধ্যে মতবিরোধ বা বিরোধ থাকতেই পারে। তবে কারও জীবিকা বা আয়ের উৎস এভাবে নষ্ট করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি পেঁপে গাছের পেছনে কৃষকের শ্রম ও প্রত্যাশা জড়িয়ে থাকে। তাই এভাবে বাগান ধ্বংসের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
এ ঘটনায় সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বাগানটি কারা এবং কী উদ্দেশ্যে কেটে নষ্ট করেছে, তা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং কৃষকের পরিশ্রম ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সময়ের আলো/জোই