ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়।
নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, সে মানসিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার থেকে নিখোঁজ ছিল শাকিল।
বিজিবি সদস্যরা শনিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় শাকিলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, শাকিলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার মাধ্যমে ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে আইনিপ্রক্রিয়ায় মরদেহ বাংলাদেশে আনা হবে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। মরদেহ পাওয়ার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
সময়ের আলো/জোই