আজ স্ত্রীর প্রশংসা করার দিন। প্রতিদিনের ব্যস্ততা, সংসারের দায়িত্ব আর নানা কাজের ভিড়ে যে মানুষটি নীরবে পরিবারকে আগলে রাখেন, আজকের দিনটি সেই স্ত্রীকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর উপলক্ষ।
প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার পালিত হয় ‘Wife Appreciation Day’ বা ‘স্ত্রীর প্রশংসা দিবস’। ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপনের প্রচলন শুরু হয়। স্ত্রীর যত্ন, ভালোবাসা, সহযোগিতা ও পরিবারের প্রতি অবদানের স্বীকৃতি দেওয়াই এই দিনের মূল উদ্দেশ্য।
সংসারের নানা দায়িত্ব সামলে স্ত্রী শুধু পরিবারের প্রয়োজন মেটান না, স্বামীর কঠিন সময়েও পাশে থাকেন। অনেক সময় নিজের ক্লান্তি কিংবা কষ্ট আড়াল করে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। এসব ছোট ছোট কাজই একটি পরিবারকে সুন্দর ও স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্ত্রীকে ভালোবাসা জানাতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। একটি ফুল, প্রিয় খাবার, কিছুটা সময় কিংবা আন্তরিক কয়েকটি কথাই হতে পারে বিশেষ উপহার। কাজ শেষে বাড়ি ফেরার সময় একগুচ্ছ ফুল নিয়ে গিয়ে তার অবদানের প্রশংসা করে বলা যেতে পারে, ‘তুমি আছো বলেই আমার সংসারটা এত সুন্দর’।
ব্যস্ততার মাঝেও দুজন মিলে কিছুটা সময় গল্প করা, পুরোনো স্মৃতি মনে করা কিংবা নিজের অনুভূতির কথা জানানো সম্পর্ককে আরও গভীর করতে পারে। মুখে বলতে সংকোচ থাকলে ছোট্ট একটি চিরকুটেও ভালোবাসা প্রকাশ করা সম্ভব।
স্ত্রী কারও কাছে জীবনের সেরা বন্ধু, কারও কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। সম্পর্কের ধরন যাই হোক, প্রিয় মানুষটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ সবসময়ই বিশেষ।
ভালোবাসা প্রকাশের জন্য অবশ্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই। তবে আজকের দিনটি যদি প্রিয়তমার মুখে একটু হাসি ফোটানোর উপলক্ষ হয়, তাহলে অভিমান ও ব্যস্ততা সরিয়ে তাকে জানিয়ে দিন, আপনার জীবনে তার গুরুত্ব কতটা।
সময়ের আলো/এমকে