খুলনা নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ‘কথিত স্ত্রী’ ফাতেমাকে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে সদর থানার খানজাহান আলী রোডের ‘কপোতাক্ষ আবাসিক হোটেল’-এর দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে। আটক ফাতেমা তার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা ওই আবাসিক হোটেলের ১০ নম্বর কক্ষে ওঠেন। সেখানে বিয়ের দাবি ও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে সোহেল রানাকে শ্বাসরোধে হত্যা করা হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, নিহত সোহেল রানার আগের এক স্ত্রী রয়েছেন যিনি ঢাকায় থাকেন এবং তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। অন্যদিকে ফাতেমার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং ফাতেমা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।
তিনি আরও জানান, রোববার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ওড়না গলায় পেঁচিয়ে সোহেল রানাকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ফাতেমা। অভিযুক্ত ফাতেমাকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/জোই