সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। ছোট-বড় যেকোনো বয়সী কাউকে সুযোগ পেলেই আক্রমণ করে বসছে এসব কুকুর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে কোমলমতি শিশুসহ যুবক, বৃদ্ধ, এবং গবাদিপশুর আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ দিন মোট ১৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। তারা জলাতঙ্ক ভ্যাকসিন গ্রহণ করেন। এর মধ্যে চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিচ্ছিন্নভাবে ৪ জন শিশু ও ১ জন বৃদ্ধসহ ৭ জনকে কুকুরে কামড়ায়। এছাড়াও গান্ধাইল, সোনামুখী, চালিতাডাঙ্গা এবং পার্শ্ববর্তী রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে আরো ৮ জন কুকুরের আক্রমণের শিকার হন।
এর মধ্যে নাটুয়ারপাড়ার ৭০ বছর বয়সী রফিকুলের অবস্থা আশঙ্কাজনক, তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়েছে। উচ্চতর চিকিৎসার জন্য সদরে পাঠানো হয়েছে। বিলসুন্দর গ্রামের ৮ বছর বয়সী ওমর ফারুক এবং ১৩ বছরের মারুফ স্কুলে যাওয়ার পথে কুকুরের আক্রমণের শিকার হয়। এছাড়াও নাটুয়ারপাড়া গ্রামের সুরাইয়া (৮) বাড়ির সামনে বিস্কিট খাওয়ার সময় আক্রান্ত হন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. রাসেল বলেন, প্রতিদিন প্রায় ৮/১০ জন জলাতঙ্ক ভ্যাকসিন নিতে হাসপাতালে আসেন। এদের মধ্যে অনেকেই কুকুরের আক্রমণের শিকার হন। ভ্যাকসিনসহ যাবতীয় স্বাস্থ্য সেবা আমরা দিয়ে থাকি। পাগলা কুকুর যদি থাকে পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট দফতরগুলোকে সমন্বয় করে বিধি মোতাবেক উদ্যোগ নিতে পারে। এসময় তিনি জনসাধারণকে সতর্ক থাকার এবং কুকুরকে বিরক্ত না করার পরামর্শ দেন।
সময়ের আলো/এনএন