পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মার্চের কর্মসূচি দিয়েছে তার দল। কর্মসূচিকে ঘিরে এরই মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় পিটিআই নেতা-কর্মী ও সমর্থকদের আটকের ঘটনা ঘটেছে।
ইমরানের তিন বোন— আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিকেও আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে ৩০ দিনের জন্য আটকের আদেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পিটিআই এর বিরোধিতা করে বলেছে, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির আগে দলটির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
এদিকে সম্ভাব্য বিক্ষোভ ও মার্চকে কেন্দ্র করে ইসলামাবাদের হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। স্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালগুলোকে রক্তের মজুতসহ জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। এ কারণে কিছু নিয়মিত চিকিৎসা কার্যক্রম ও নির্ধারিত অস্ত্রোপচারে প্রভাব পড়তে পারে।
তবে এসব পদক্ষেপের মধ্যেও ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি থেকে সরে আসেনি পিটিআই। দলটির নেতারা জানিয়েছেন, নির্ধারিত সময়েই বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মার্চ হবে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেইল আফ্রিদিও কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন।
পিটিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কর্মসূচির আগে দলটির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে গত দুই দিনে ৪১ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তারের দাবি করেছে দলটির স্থানীয় নেতৃত্ব।
অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি পিটিআইকে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। কর্মসূচি এগিয়ে নিলে সরকার কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলেও সতর্ক করেছেন তিনি।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। এর আগে ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান তিনি।
সময়ের আলো/ইউএমএইচ