ড্রোন হামলার পর বন্ধ করে দেওয়া ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম আবারও শুরু করেছে সৌদি আরব। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত তেল রফতানিও পুনরায় শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর ড্রোন হামলার পর পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে ইয়ানবু বন্দর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানিও সাময়িকভাবে বন্ধ থাকে।
মঙ্গলবার পাইপলাইনে তেল সরবরাহ পুনরায় শুরু হওয়ার খবর আন্তর্জাতিক বাজারে বিক্রির চাপ বাড়িয়েছে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। এর প্রভাবে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি কমে ৮ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিকল্প রুট হিসেবে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করছে সৌদি আরব। বিশ্বের অন্যতম শীর্ষ তেল রফতানিকারক দেশটি এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরের দিকে পাঠাতে পারে। এই পরিমাণ বিশ্বের দৈনিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ।
তবে পুনরায় চালুর পর পাইপলাইনটিতে তুলনামূলক কম গতিতে তেল পাম্প করা হচ্ছে বলে জানিয়েছেন দুটি সূত্র। সৌদি রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
একটি সূত্র জানিয়েছে, আরামকো সরবরাহের হার আবার দৈনিক ৪০ লাখ ব্যারেলে উন্নীত করার চেষ্টা করছে। তবে একটি নিরাপত্তা সূত্রের মতে, পাইপলাইনটি পূর্ণ সক্ষমতায় ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর উপকূলে আরামকোর বিভিন্ন শোধনাগারে অপরিশোধিত তেলের সরবরাহও আবার শুরু হবে। মঙ্গলবার ইয়ানবু বন্দর থেকে চীনগামী একটি তেলবাহী জাহাজে অপরিশোধিত তেল তোলার কথা রয়েছে।
এদিকে সৌদি আরবের তেল রপ্তানি পুনরায় শুরুর প্রস্তুতিতে ব্যবসায়ীরাও তৎপর হয়েছেন। দুটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, তেল পরিবহনের জন্য ট্যাংকারগুলো মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর পোর্ট সাইদ ও সিদি কেরিরের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে সৌদি তেল পরিবহনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হরমুজ প্রণালিতে তেল পরিবহনে বিঘ্নের মধ্যে সৌদি আরবের বিকল্প এই পাইপলাইন পুনরায় চালু হওয়াকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।