সিলেটের হজরত শাহজালাল (র.) মাজারের আর্থিক স্বচ্ছতা ও ব্যবস্থাপনা উন্নত করতে এখন থেকে মাজারের দানের টাকা প্রতিদিন গণনা করা হবে। এবং এর সঠিক ব্যবস্থাপনার জন্য ৭ সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে মাজার ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জেলা প্রশাসক বলেন, ‘দানের অর্থ গণনা ও হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একজন ম্যানেজার নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি বা সামরিক কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ করা হবে।’
মাজার পরিচালনায় সাত সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। আহ্বায়ক হবেন জেলা প্রশাসক, মাজারের মোতোয়াল্লি থাকবেন সদস্যসচিব, সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, মহানগর পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধি কমিটিতে সদস্য থাকবেন।
গত জুনে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। এরপর চার দফায় দানবাক্স ও ডেগ থেকে ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা পাওয়া যায়। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর পাওয়া যায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ সময় ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রাও পাওয়া যায়।
এর আগে ১৫ আগস্ট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, ১১ জুলাই ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ২২ জুন ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।
সময়ের আলো/জেডি