নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
তিনি জানান, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং পরিচালনার পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রাবণ ও তার তিন সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।
সময়ের আলো/জোই