শরীর ভালো রাখতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। কিন্তু নারীদের শরীরচর্চা নিয়ে সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। কেউ মনে করেন, ব্যায়াম করলে শরীর বেশি পেশিবহুল হয়ে যাবে। কেউ আবার ভাবেন, বয়স বাড়লে শরীরচর্চা করার দরকার নেই। এসব ধারণার কারণে অনেক নারী ইচ্ছা থাকলেও নিয়মিত ব্যায়াম শুরু করেন না। অথচ নিজের বয়স ও শরীরের অবস্থা বুঝে ব্যায়াম করলে তা শরীর ও মন দুটির জন্যই উপকারী।
শুধু ওজন কমাতেই ব্যায়াম করতে হয় : অনেকে মনে করেন, ওজন কমানোর জন্যই শুধু শরীরচর্চা দরকার। আসলে তা নয়। ব্যায়াম হাড় ও পেশি শক্ত রাখতে সাহায্য করে। শরীরের নড়াচড়া ভালো রাখে। কাজের ক্লান্তি কমাতেও সাহায্য করে। মন ভালো রাখতেও নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম কাজে আসে। তাই ওজন স্বাভাবিক হলেও শরীরচর্চা বন্ধ করার কারণ নেই।
মেয়েদের ভারী ব্যায়াম করা ঠিক নয় : অনেক নারী মনে করেন, ভারী কিছু তোলা বা শক্তির ব্যায়াম শুধু পুরুষদের জন্য। এটিও ঠিক নয়। বয়স ও শারীরিক অবস্থার সঙ্গে মিল রেখে শক্তির ব্যায়াম করা যায়। তবে একেবারে শুরুতেই বেশি ওজন তোলা ঠিক নয়। ধীরে ধীরে অভ্যাস তৈরি করা ভালো। প্রয়োজনে প্রশিক্ষকের পরামর্শ নেওয়া যেতে পারে।
ঘাম বেশি হলেই ব্যায়াম ভালো হয়েছে : ঘাম হওয়াকে অনেকে ভালো ব্যায়ামের প্রধান লক্ষণ মনে করেন। কিন্তু এটি ঠিক নয়। কারও শরীরে বেশি ঘাম হতে পারে। আবার কারও কম হতে পারে। আবহাওয়া, শরীরের ধরন এবং ব্যায়ামের ধরনেও এর পার্থক্য হয়। তাই কতটা ঘাম হলো, সেটি দিয়ে ব্যায়ামের মান বিচার করা উচিত নয়।
প্রতিদিন অনেকক্ষণ ব্যায়াম করতে হবে : ব্যায়ামের জন্য প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সময় দেওয়া জরুরি নয়। ব্যস্ত নারীরাও অল্প সময় দিয়ে শুরু করতে পারেন। দ্রুত হাঁটা, সিঁড়ি দিয়ে ওঠা, হালকা ব্যায়াম বা ঘরের কিছু কাজও শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে। নিয়মিত করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
খালি পেটে ব্যায়াম করলে বেশি ওজন কমে : অনেকের ধারণা, খালি পেটে ব্যায়াম করলে দ্রুত ওজন কমে। কিন্তু সবার শরীর একভাবে কাজ করে না। খালি পেটে ব্যায়াম করলে কারও দুর্বল লাগতে পারে। মাথা ঘুরতে পারে। তাই নিজের শরীরের কথা বুঝে ব্যায়ামের সময় ঠিক করা ভালো। পর্যাপ্ত পানি পান করাও জরুরি।
মাসিকের সময় ব্যায়াম করা যাবে না : মাসিকের সময় সব ধরনের ব্যায়াম বন্ধ রাখতে হবে এমন কোনো সাধারণ নিয়ম নেই। শরীর ভালো থাকলে হালকা হাঁটা বা সহজ ব্যায়াম করা যেতে পারে। এতে অনেকের অস্বস্তিও কিছুটা কমতে পারে। তবে অতিরিক্ত ব্যথা, দুর্বলতা বা অন্য সমস্যা থাকলে বিশ্রাম নেওয়াই ভালো।
বয়স বাড়লে শরীরচর্চার দরকার নেই : শরীরচর্চার কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। বরং বয়স বাড়ার সঙ্গে শরীরকে সচল রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে বয়স অনুযায়ী ব্যায়ামের ধরন বদলাতে হয়। তরুণ বয়সের কঠিন ব্যায়াম সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী হাঁটা, স্ট্রেচিং বা সহজ ব্যায়াম করা যেতে পারে।
শুধু জিমেই শরীরচর্চা হয় : শরীরচর্চা মানেই জিমে যেতে হবে এমন ধারণাও ভুল। নিয়মিত হাঁটা, সাইকেল চালানো, নাচ, সাঁতার বা ঘরে করা সহজ ব্যায়ামও শরীরচর্চার অংশ। মূল কথা হলো শরীরকে নিয়মিত সক্রিয় রাখা। শরীরচর্চা নিয়ে ভুল ধারণা দূর করা জরুরি। কারণ ব্যায়াম শুধু শরীরের গঠন বদলানোর বিষয় নয়। এটি সুস্থভাবে বাঁচার একটি অভ্যাস। তাই অন্যের কথা শুনে ভয় না পেয়ে নিজের বয়স, শরীর ও প্রয়োজন বুঝে ব্যায়াম শুরু করা উচিত। অল্প দিয়ে শুরু করে ধীরে ধীরে অভ্যাস তৈরি করাই হতে পারে সুস্থ জীবনের সহজ পথ।
সময়ের আলো/মহু