ফিফার বিতর্কিত বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা বাতিল হওয়ার পরও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ওপর আস্থা পুরোপুরি ফেরেনি বলে মন্তব্য করেছেন উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্তুগাল ফুটবল সামিটে দেওয়া এক ভিডিও বার্তায় প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেন চেফেরিন। তার বক্তব্য আসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংস্থাটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনার প্রস্তাব দেওয়ার দুই দিন পর।
চেফেরিন বলেন, বিশ্ব ফুটবলে আস্থা বজায় রাখতে ঐক্য, স্বচ্ছতা এবং পুরো ফুটবল অঙ্গনের স্বার্থকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার মতে, সাম্প্রতিক সময়ে এই তিন ক্ষেত্রেই অবহেলা হয়েছে এবং এতে ফুটবলের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।
তিনি সরাসরি ইনফান্তিনো বা ফিফার নাম উল্লেখ না করলেও তার বক্তব্যকে ফিফার বাতিল হয়ে যাওয়া বিনিয়োগ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে। ওই পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ছিল। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাফের তীব্র বিরোধিতার পর জুলাইয়ে পরিকল্পনাটি বাতিল করা হয়।
চেফেরিন বলেন, ‘ফুটবল বিক্রির জন্য নয়।’ তিনি জানান, বহু বছর ধরে উয়েফার অবস্থান এটাই এবং পর্তুগাল সামিটেও এই বার্তা আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
এর আগে ইনফান্তিনো ফিফার ২১১ সদস্য দেশের সভাপতি ও ফিফা কাউন্সিলের কাছে চিঠি দিয়ে সংস্থার বড় কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের কাঠামো নিয়ে স্বাধীন ও বাহ্যিক পর্যালোচনার প্রস্তাব দেন। একই সঙ্গে কনফেডারেশন, সদস্যসংস্থা ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী করার কথাও জানান তিনি।
ইনফান্তিনোর প্রস্তাবিত পর্যালোচনায় ফিফা সভাপতি, ব্যুরো, কাউন্সিল ও কংগ্রেসের ভূমিকা এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর উপায় খতিয়ে দেখার বিষয়ও রয়েছে। তবে বিভিন্ন ফেডারেশন এখনো এই উদ্যোগে সন্তুষ্ট হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইনফান্তিনো ফিফার নেতৃত্বে থাকার বিষয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে তিনি আবারও প্রার্থী হতে পারেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র : আল-জাজিরা
সময়ের আলো/টিকে