যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকির জবাবে তেলুগু সিনেমার একটি অ্যাকশন দৃশ্য প্রকাশ করেছে জিম্বাবুয়েতে ইরানের দূতাবাস। ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে তেলুগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণকে দেখা যায়।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে ইরানি দূতাবাস। ‘ভগবান্থ কেশরী’ সিনেমার ওই দৃশ্যে রাইফেল, দাঙ্গা নিয়ন্ত্রণের ঢালসহ বিভিন্ন অস্ত্র হাতে দুই দল মানুষের মুখোমুখি অবস্থান দেখা যায়।
ভিডিওটি প্রকাশ করে ইরানের দূতাবাস ব্যঙ্গ করে লিখেছে, ট্রাম্প ইরানকে ধ্বংস করার কথা বলছেন। তবে তিনি জানেন, ইরান নিরস্ত্র নয়। দূতাবাসের ভাষায়, ‘আমরা জানতে পেরেছি, তারা সম্প্রতি হলিউডের বদলে বলিউডের সিনেমা দেখছে।’
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার প্রশাসনকে ব্যঙ্গ করেছে ইরানের দূতাবাস। যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্টকে লক্ষ্য করে এর আগেও বিভিন্ন মিম ও ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করেছে দূতাবাসটি।
ইরানকে ‘ধ্বংসের’ হুমকি ট্রাম্পের
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। প্রায় সাত মাস ধরে চলা সংঘাতের অবসানে চুক্তি না হলে ইরানকে দ্রুত ‘ধ্বংস’ করে দেওয়ার কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, তার সামনে একটি বড় সিদ্ধান্ত রয়েছে। ইরানের সঙ্গে এমন কোনো চুক্তি হবে কি না, যার মাধ্যমে দেশটি পুনর্গঠন করে আগের চেয়েও শক্তিশালী হতে পারবে—এটাই এখন প্রশ্ন।
এরপর তিনি বলেন, অথবা ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হবে এবং তা দ্রুতই করা হবে, যাতে তারা আবার মানুষ ও দেশ ধ্বংস করার সুযোগ না পায়।
তিন ঘণ্টা বৈঠক যুক্তরাষ্ট্র-ইরানের
ট্রাম্পের এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। ট্রাম্প জানান, তার প্রধান দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানি কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন।
বৈঠককে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, অদূর ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে। তবে পরে তিনি বলেন, বৈঠকে ইরানের ‘সর্বোচ্চ পর্যায়ের’ কর্মকর্তারা ছিলেন না, যদিও এটিকে তিনি একটি অগ্রগতি হিসেবে দেখছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, কাতারের মধ্যস্থতায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা হয়েছে। ইরান আলোচনায় নিজেদের অবস্থান ধরে রেখেছে বলেও জানান তিনি।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিতে হবে এবং দেশটির জব্দ করা সম্পদ ছেড়ে দিতে হবে।
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী ট্রাম্প।
রুবিও বলেন, সমস্যা সমাধানে আলোচনা গুরুত্বপূর্ণ বলে ট্রাম্প প্রায় সবার সঙ্গেই বৈঠক করতে আগ্রহী। তবে বৈঠক করলেই দুই পক্ষের মধ্যে সমঝোতা হবে— এমন নয় বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এটিই ছিল জাতিসংঘে তাঁর প্রথম বক্তব্য।
ইরানের জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণের বিষয়টিও এবার বিশেষ তাৎপর্য পেয়েছে। কারণ, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ইরান বহু বছর ধরে এই ফোরামে অংশ নিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ চলার সময়ে নিউইয়র্কে তাদের উপস্থিতি নজিরবিহীন।
সময়ের আলো/ইউএমএইচ